খেলাধুলা ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত। চতুর্থ দিনে মধ্যাহ্নের আগে ৩ উইকেটে ২৪০ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। এতে ৫৪৯ রানের লিড নিয়েছে টিম ইন্ডিয়া। চতুর্থ ইনিংসে এতো রান তাড়া করে জেতার রেকর্ড কোনো দলের নেই। স্বাভাবিকভাবেই জয় এখন সময়ের ব্যাপার কোহলি বাহিনীর।
শিখর ধাওয়ানের ১৯০, চেতেশ্বর পূজারার ১৫৩ রানে ভর করে প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ৬০০ রান তুলে ভারত।
শ্রীলঙ্কার হয়ে একাই ৬ উইকেট নেন নুয়ান প্রদীপ। ৩ উইকেট শিকার করেন লাহিরু কুমারা।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৯১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। স্বাগতিকদের হয়ে অপরাজিত সর্বোচ্চ ৯২ রান করেন দিলরুয়ান পেরেরা। সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস করেন ৮৩ রান। আর ওপেনার উপুল থারাঙ্গার ব্যাট থেকে আসে ৬৪ রান।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। ২ উইকেট শিকার করেন মোহাম্মদ সামি। ১টি করে উইকেট নেন উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন ও হার্দিক পান্ডে।
প্রথম ইনিংস থেকে ৩০৯ রানের লিড পায় ভারত। তবে লঙ্কানদের ফলোঅন না করিয়ে ফের ব্যাটিংয়ে নামে শীর্ষ র্যাংকিংধারীরা। তবে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ১৯ রানে বিদায় নেন প্রথম ইনিংসে মাত্র ১০ রানের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত হওয়া ওপেনার শিখর ধাওয়ান (১৪)। দলীয় ৫৬ রানে ফেরেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান চেতেশ্বর পূজারা (১৫)। এরপর শক্ত হাতে দলের হাল ধরেন অভিনব মুকুন্দ ও অধিনায়ক বিরাট কোহলি। তৃতীয় দিনের শেষভাগে এসে দলীয় ১৮৯ রানে বিদায় নেন মুকুন্দ। সেখানেই ইতি ঘটে ওই দিনের। অধিনায়ক কোহলি ৭৬ রানে অপরাজিত থাকেন।
চতুর্থ দিনে খেলতে নেমে আগের দিনের সঙ্গে ৫১ রান যোগ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। এর মধ্যে ক্যারিয়ারের ১৭তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন বিরাট কোহলি। ১৩৬ বলে ৫ চার ও ১ ছক্কায় ১০৩ রানে অপরাজিত থাকেন। অপর প্রান্তে ২৩ রানে অপরাজিত থাকেন আজিঙ্কা রাহানে।















