ভারতে অ্যামনেস্টির অফিসে সরকারি বাহিনী তল্লাশি

274

আন্তর্জাতিক ডেস্ক: বৈদেশিক অর্থায়ন বিষয়ক নিয়ম বা আইন ভঙ্গের অভিযোগে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের স্থানীয় অফিসগুলোতে তল্লাশি চালিয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। এক বিবৃতিতে সিবিআই বলেছে, তাদের কাছে অভিযোগ আছে যে, ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট ২০১০ এবং ভারতীয় দন্ডবিধি লঙ্ঘন করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সরকারের বিধিনিষেধ সত্ত্বেও বৃটেন থেকে অর্থ পেয়েছে এ সংগঠনের ভারতীয় শাখা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে আরো বলা হয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে ব্যাঙ্গালোর এবং নয়া দিল্লিতে অ্যামনেস্টির অফিসগুলোতে তল্লাশি করা হয়েছে। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের বিরুদ্ধে গত বছর বৈদেশিক তহবিল সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়।

জবাবে অ্যামনেস্টি বলেছে, মানবাধিকারের পক্ষে অবস্থান নেয়া এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলার পর থেকেই গত বছর থেকে প্রতিটি সময়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়াকে হয়রানি করা হচ্ছে।