দুবাইয়ে প্রচণ্ড গরম, সড়কে ভাজা হলো ডিম

758

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কয়েক দিন ধরে চলছে প্রচণ্ড তাপদাহ। সেই গরমে নাভিশ্বাস উঠেছে প্রাণিকুলে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে সড়কে ফ্রাই প্যানে ডিম পর্যন্ত ভাজা যাচ্ছে।

বাস্তবেই এমনটি করে দেখিয়েছে ইউএইর দুবাইভিত্তিক চ্যানেল ‘ফাতাফিট’। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে এ-সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে চ্যানেলটি।

ওই ভিডিওতে দেখা যায়, তপ্ত রাস্তার ওপর একটি ডিম ভাজছেন এক ব্যক্তি। তাঁর গায়ে বাবুর্চির মতো পোশাক পরা। ভিডিওর শুরুতে তিনি বলছেন, ‘আজ আমরা তাপদাহে রাস্তায় ডিম ভাজব…তাপমাত্রা ৫০ ডিগ্রির মতো।’

ওই বক্তব্যের পর ওই ব্যক্তি ফ্রাইপ্যানে তেল ঢালেন। এর পর একটি ডিম ভেঙে তাতে দেন। পরে ১০ মিনিটের মতো নাড়াচাড়া করার পর ডিমটি ভাজা হয়ে যায়।

তীব্র রোদে ডিম ভাজার এই ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। প্রকাশিত হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় এটি দেখা হয়েছে ৩০ হাজার বারের বেশি।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ইউএইতে গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। মঙ্গলবার দেশটির মুখারিজ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।