ঢাকা সংবাদদাতা: আমার ছেলে একটা সিগারেট পর্যন্ত ধরাতো না। আজ তারা ওকে মাদকাসক্ত বলছে। সেই দিন গণতন্ত্রের জন্য জীবন দিয়ে আমার নূর কি ভুল করেছিলো? অশ্রুসিক্ত চোখ মুছতে মুছতে কথাগুলো বলছিলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের মা মরিয়ম বিবি। ছেলে হত্যার ৩৩ বছর পর হতভাগা এই মা গতকাল স্বজনদের নিয়ে অবস্থান নিয়েছিলেন রাজপথে। এতদিন ছেলে হত্যার বিচার দাবি করে আসা এই মায়ের ব্যতিক্রমী এ প্রতিবাদ ছিল ছেলেকে নিয়ে কটুক্তির। যেই স্বৈর শাসকের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ করতে গিয়ে জীবন দিয়েছিলেন নুর হোসেন তার হাতে গড়া দল জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা রোববার এক অনুষ্ঠানে নুর হোসেনকে নিয়ে কটুক্তি করেন। যার তীব্র সমালোচনা হচ্ছে চারপাশে। ছেলেকে নিয়ে অপবাদ সইতে না পেরে পরিবারের সবাইকে নিয়ে রাস্তা নেমে আসেন মরিয়ম বিবি।















