জীবিত খোকাকে দেশে ঢুকতে দেয়নি সরকার: মির্জা ফখরুল

249

ঢাকা সংবাদদাতা: সাদেক হোসেন খোকার মতো একজন মুক্তিযোদ্ধাকে জীবিত অবস্থায় সরকার দেশে ঢুকতে দেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র নেতারা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মতো একজন মুক্তিযোদ্ধাকে সরকার জীবিত অবস্থায় দেশে ঢুকতে দেয়নি‌। এ রকম ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে।

৭ নভেম্বরের চেতনায় জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলেও জানান তিনি।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমদ আযম খান প্রমুখ উপস্থিত ছিলেন।