সৌদি আরবে বাসে আগুন, ৩৫ ওমরাহযাত্রী নিহত

415

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে ওমরাহ যাত্রী বহনকারী একটি বাসে আগুন ধরে ৩৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে (বাংলাদেশ সময় রাত ১০টা) মদিনার ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের হিজরা রোডে এ দুর্ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানায়, এশিয়ান ও আরব দেশের নাগরিকদের বহনকারী বাসটিতে ৩৯ জন ছিলেন। বেসরকারি পরিবহনের বাসটি একটি লোডারের (সাধারণত নির্মাণকাজে ব্যবহৃত ভারী গাড়ি) সঙ্গে ধাক্কা খায়, এতে বাসটিতে আগুন ধরে যায় এবং এ প্রাণহানি ঘটে। যে ক’জন আহত বা দগ্ধ হয়েছেন তাদের উদ্ধার করে নিকটস্থ আল-হামনা হাসপাতালে নেয়া হয়েছে।

এ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

প্রথমে সংবাদমাধ্যম ৩৬ জনের মৃত্যুর খবর দিলেও পরে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় ৩৫ জনের তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় রেড ক্রিসেন্টসহ অন্যান্য জরুরি সেবা সংস্থা।