আইন করে ছাত্র রাজনীতি বন্ধ করতে পারবেন না: কৃষিমন্ত্রী

272

ঢাকা সংবাদদাতা: আবরারকে পিটিয়ে হত্যা করা একটি মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় আমারও রক্তক্ষরণ হয়েছে। এরকম ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ছাত্র রাজনীতি মানুষের মৌলিক অধিকার। কথা বলাও মানুষের মৌলিক অধিকার। স্বাধীনভাবে কোনও কথা বললে সেটা বলতেই পারে। তবে আইন করে ছাত্র রাজনীতি বন্ধ করতে পারবেন না। বললেন কৃষিমন্ত্রী ড.মো.আব্দুর রাজ্জাক।

শনিবার সকালে গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের বারি’র কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, পৃথিবীর সব দেশেই ছাত্র রাজনীতি রয়েছে। এমন কি দিল্লি বিশ্ববিদ্যালয়েও ছাত্র রাজনীতি আছে। সেখানেও দলীয় ভিত্তিতে নির্বাচন হয়। ছাত্র রাজনীতি আগেও ছিল থাকবে। সেটা হতে হবে স্বচ্ছ-সুন্দর নৈতিক। ছাত্র রাজনীতির বিপক্ষে আমরা না। এটা মানুষের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক চিন্তা-চেতনার বিকাশ করে।

পরে তিনি বিভিন্ন গবেষণাগার পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কৃষি গবেষণার মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ,কৃষিবিদ আব্দুল মান্নান,গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।