ঢাকা সংবাদদাতা: বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় অমিত সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজধানীর শাহজাহানপুর কালিমন্দির থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম-কমিশনার মাহবুব আলম। অমিত সাহা বুয়েটের শের-ই বাংলা হলের ২০১১ নম্বর কক্ষের ছাত্র। যেখানে আবরার ফাহাদকে কয়েক ঘণ্টা পিটিয়ে হত্যা করা হয়।
এ নিয়ে আবরার হত্যার ঘটনায় বুয়েট শাখা ছাত্রলীগের সহসভাপতি মুহতাসিম ফুয়াদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় বুয়েট শাখার সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জনকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
অমিত বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ১৬তম ব্যাচের ছাত্র। বুয়েট শাখা ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক তিনি। আবরার হত্যাকান্ডের পর থেকেই পলাতক ছিলেন তিনি।
আবরার হত্যাকাণ্ডে অমিত সাহা যে প্রত্যক্ষভাবে জড়িত সেই অভিযোগ দুদিন ধরেই করে আসছিলেন বুয়েটের শিক্ষার্থীরা। জানা যায়, আবরার ফাহাদ হলে আছেন কিনা সে বিষয়ে প্রথম খোঁজ নিয়েছিলেন বুয়েট শাখা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক অমিত সাহা। ঘটনার দিন সন্ধ্যায় অমিত সাহা আবরারের এক বন্ধুকে ইংরেজি অক্ষরে ‘আবরার ফাহাদ হলে আছে কিনা’ মেসেজ দেন। মেসেজের এক ঘণ্টার মধ্যেই শের-ই বাংলা হলের ছাত্রলীগ নেতারা আবরারকে ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে যায়। ২০১১ নম্বর কক্ষে এনে তাকে লাঠি, চাপাতি ও স্ট্যাম্প দিয়ে পেটায়।
ছয়জন মিলে তিন দফায় পাঁচ ঘণ্টা বেধড়ক পিটিয়ে হত্যা করেছে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে। ইফতি মাহবুব সকালের নেতৃত্বে ৬ আগস্ট রাত ৯টার দিকে অমিত সাহার রুমে শুরু হয় মারপিট।
সূত্র জানায়, আবরারকে মারধর শুরু করেন বুয়েট ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন। পরে যোগ দেন আরও পাঁচজন। এরা হলো, অনিক, সকাল, জিওন, মনির ও মোজাহিদুল। দ্বিতীয় দফায় মারপিট শুরু করেন অনিক। সেই ছিলো সবচেয়ে মারমুখী। আবরারের শরীরের উপর ক্রিকেট স্ট্যাম্প ভাঙ্গে সে। এরপর তৃতীয় দফায় মেরে নীথর দেহটিকে টেনে হিচেড় নিচে নামানোর চেষ্টা করেন ঘাতকরা। মাঝ সিড়িতে যেতেই তারা বুঝতে পারে আবরার মারা গেছে। সেখানেই মরদেহটি ফেলে যায় তারা।
এর আগে ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় খুন হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে। ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে শনিবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফাহাদ। পিটুনির সময় নিহত আবরারকে ‘শিবিরকর্মী’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালায় খুনিরা।
তবে আবরার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যসহ সংশ্লিষ্টরা। হত্যাকাণ্ডের প্রমাণ না রাখতে সিসিটিভি ফুটেজ মুছে (ডিলেট) দেয় খুনিরা। তবে পুলিশের আইসিটি বিশেষজ্ঞরা তা উদ্ধারে সক্ষম হন। পুলিশ ও চিকিৎসকরা আবরারকে পিটিয়ে হত্যার প্রমাণ পায়।















