টিফিন নিয়ে দ্বন্দ্বে শ্রেণিকক্ষেই বন্ধুর বুকে ছুরিকাঘাত

430

ঢাকা সংবাদদাতা: রাজশাহী নগরীতে শ্রেণিকক্ষে সহপাঠীর ছুরিকাঘাতে মারা গেছে এক স্কুলছাত্র। বৃহস্পতিবার রাত নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত স্কুলছাত্রের নাম ইমন হোসেন (১৪)। সে নগরীর কাশিয়াডাঙ্গা আদুবুড়িপাড়ার আবদুস সালামের ছেলে এবং নগরীর হড়গ্রাম ইউসোপ মোমেনা বখশ স্কুলে অষ্টম শ্রেণিতে পড়তো।

এ ঘটনায় অভিযুক্ত সহপাঠী হৃদয়কে হেফাজতে নিয়েছে পুলিশ। সে নগরীর লক্ষ্মীপুর এলাকার আকবর আলীর ছেলে।

পুলিশ বলছে, টিফিন নিয়ে দ্বন্দ্বের জেরে বিকেলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তাকে ছুরিকাঘাত করে সহপাঠী হৃদয়। পরে গুরুতর আহত ইমনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেন শিক্ষকরা। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান ইমন।

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে সহপাঠীর ছুরিকাঘাতে মারা গেছে এক স্কুলছাত্র। তার মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এছাড়া অভিযুক্ত স্কুলছাত্রকে হেফাজতে নেওয়া হয়েছে। এ নিয়ে আইনি ব্যবস্থা নিচ্ছে পুলিশ।