পার্লামেন্টে সুপ্রিম কোর্টের রায়কে ‘ভুল’ বললেন বরিস জনসন

1317

আন্তর্জাতিক ডেস্ক: জটিল এক রাজনৈতিক প্রেক্ষাপটে তড়িঘড়ি করে নিউ ইয়র্ক থেকে দেশে ফিরে জরুরিভিত্তিতে পার্লামেন্ট অধিবেশনে যোগ দিয়েছিলেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ সময় তিনি পার্লামেন্ট স্থগিত করা নিয়ে দেয়া সুপ্রিম কোর্টের রায়কে ‘ভুল’ বলে আখ্যায়িত করেন। বরিস জনসন বলেছেন, জাতি যখন এক মহা বিতর্কিত অবস্থায় তখন রাজনৈতিক ইস্যুতে এমন রায় দেয়া সুপ্রিম কোর্টের জন্য ভুল ছিল। নিউ ইয়র্কে তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন। মঙ্গলবার নিজ দেশের সুপ্রিম কোর্ট তার পার্লামেন্ট স্থগিতাদেশকে বেআইনি ঘোষণা দেয়। এরপর বুধবার শুরু হয় অধিবেশন।

নিউ ইয়র্ক থেকে জনসন উড়ে এসে যোগ দেন এই অধিবেশনে। সেখানেই তিনি এমপিদের উদ্দেশে ওই মন্তব্য করেন। এ সময় তিনি ছোট ছোট রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তার সরকারের বিরুদ্ধে একটি অনাস্থা ভোটের প্রস্তাব আনতে, যার ফলে তিনি একটি সাধারণ নির্বাচন দিতে পারেন। বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন এমন নির্বাচনকে সমর্থন দিতে রাজি না হওয়ায় এদিন জনসন তার দিকে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ক্ষমতাসীন

কনজারভেটিভ দলের এমপিরা তার প্রশংসা করতে থাকেন। এর পাল্টা জবাব দেন জেরেমি করবিন। তিনি বলেন প্রধানমন্ত্রী পদে বরিস জনসন আর যোগ্য নন। সুপ্রিম কোর্টের রায়ের পর তার পদত্যাগ করা উচিত। সুপ্রিম কোর্টে সরকার সর্বসম্মতভাবে পরাজিত হওয়ার পরও জনসনের মধ্যে কোনো অনুতাপ না থাকায় তার সমালোচনা করেন অন্য এমপিরা। লেবার দলের এমপি র‌্যাচেল রিভস বলেন, পার্লামেন্ট এক ভয়াবহ দর্শনীয় স্থান হয়ে উঠেছিল। এমপি জেস ফিলিপস বলেন, কোর্টের বিচারকদের রায়ের প্রতি প্রধানমন্ত্রীর সাড়া ভয়াবহ। তার উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া।