আন্তর্জাতিক ডেস্ক: আফগান সীমান্তের কাছে পৃথক দুই স্থানে সন্ত্রাসীদের গুলিতে ২ পাকিস্তানি সেনা নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার দেশটির উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় এ ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি অধ্যুষিত আব্বা খেল এলাকায় প্রথম হামলা হয়। সেখানে একটি নিয়মিত সেনা টহল দলের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ হামলায় মারা যান ২৩ বছর বয়সী সিপাহী আক্তার হোসেন। এ সময় পাক সেনাদের পাল্টা গুলিতে ২ সন্ত্রাসী নিহত হয় বলে জানায় তারা।
অন্য ঘটনায় আফগান সীমান্ত এলাকায় বেড়া নির্মাণের সময় পাক সেনাদের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় তিনজন নিহত এবং একজন আহত হন। নিহতরা হলেন- ল্যান্স নায়েক আমিন আফ্রিদি, ল্যান্স নায়েক সোয়েব সোয়াতি ও সেপাহি কাসিফ আলি।
গত দুই মাসেরও কম সময়ের মধ্যে সশস্ত্র হামলায় ১০ পাকিস্তানি সেনা কর্মকর্তা নিহত হয়েছে। এদের মধ্যে ছয় জন আফগান সীমান্তে ও চার জন বেলুচিস্তানে নিহত হয়।















