ডিবি পুলিশের ক্রসফায়ারে নিহত ১

422

ঢাকা সংবাদদাতা: ময়মনসিংহের ভালুকায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত রুবেল (৩০) একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে ময়মনসিংহ ও গাজীপুরে কমপক্ষে সাতটি মামলা রয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ২টার দিকে উপজেলার হবিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, রাত আড়াইটার দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ি-জামিরদিয়া সড়কের তারা মিয়ার বাড়ির পাশে কিছু মাদক ব্যবসায়ী একত্রিত হয়ে মাদক কেনাবেচা করছে- এমন খবর পেয়ে সেখানে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের দুটি টহল দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক কারবারিরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে পুলিশ। পরে তাকে উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।