‘যোবায়ের নামক ব্যক্তির সঙ্গে বাংলাদেশ হাই কমিশনের কোনো সম্পর্ক নেই’

936

নিউজ ডেস্ক: লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন ‘বিভ্রান্তিকর’ একটি খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। হাই কমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী প্রেরিত ৫ সেপ্টেম্বর ডেটলাইনে ‘লন্ডনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন সর্ম্পকে প্রচারিত সংবাদ বিষয়ে হাই কমিশনের বক্তব্য’ শীর্ষক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- লন্ডনে বাংলাদেশি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন সর্ম্পকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রচারিত একটি খবর হাই কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। এই সংবাদে যোবায়ের নামক একজন ব্যক্তি বাংলাদেশ হাইকমিশন লন্ডনের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের দাবি করে বাংলাদেশের কয়েকজন প্রখ্যাত শিল্পীসহ চল্লিশজন শিল্পীর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করেছেন বলে উল্লেখ করা হয়। এ সম্পর্কে বাংলাদেশ মিশনের বক্তব্য হচ্ছে- যোবায়ের নামক কোনো ব্যক্তির সঙ্গে লন্ডন মিশনের কোনো সংশ্লিষ্টতা নেই। খবরে হাই কমিশনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বানোয়াট।

এ জন্য শিল্পীদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করার যে কথা বলা হয়েছে সে বিষয়েও হাই কমিশন অবগত নয়। এ নিয়ে সবাইকে সতর্ক থাকার এবং এ সম্পর্কে আরো কোনো তথ্য জানার বা জানানোর থাকলে বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের সঙ্গে ই-মেইলে (hc@bhclondon.org.uk; pressm@bhclondon.org.uk) যোগাযোগের পরামর্শও দেয়া হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। তবে কোন সংবাদ মাধ্যমে খবরটি ছাপা বা প্রচার হয়েছে সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছুই উল্লেখ করা হয়নি। -বিজ্ঞপ্তি