জিএম কাদেরই বিরোধী দলের নেতা, সংসদে জাপার একাংশের চিঠি

327

ঢাকা সংবাদদাতা: জাতীয় পার্টির বর্তমান প্রেসিডেন্ট গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে জাতীয় সংসদের বিরোধী নেতা করে সংসদে চিঠি দিয়েছে দলটি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদের নেতৃত্বে পাঁচ সংসদ সদস্যের একটি কমিটি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে গিয়ে চিঠিটি হস্তান্তর করেন।

এ সময় জাতীয় পার্টির ১৫ জন সংসদ সদস্যের সম্মতিপত্রও চিঠিতে আলাদা আলাদা করে জুড়ে দেয়া হয়। স্পিকার বর্তমানে দেশের বাইরে আছেন। তাই চিঠিটি গ্রহণ করেন স্পিকারের দপ্তরের কর্মকর্তারা। এছাড়া সংসদ সচিবের কাছেও একটি কপি দেয়া হয়।

তবে এই চিঠির বিষয়ে কথা বলতে এখনই কথা বলতে নারাজ তারা। তাদের সঙ্গে থাকা এক কর্মকর্তা বলেন, সংসদের বিরোধীদলীয় নেতা করা হয়েছে জিএম কাদেরকে আর উপনেতা বেগম রওশন এরশাদই।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পরই প্রেসিডেন্ট পদটি শূণ্য হয়ে যায়। এরপর কে হবেন দলটির প্রেসিডেন্ট তা নিয়ে যাচাইবাছাই শুরু হয়। দলের একটি পক্ষ ইতোমধ্যে জিএম কাদেরকে দলের প্রেসিডেন্টের পদ দিয়েছেন। এতে নাখোশ রওশন ও তার অনুসারীরা। এরপর শুরু হয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচন নিয়ে মতবিরোধ। এ মতবিরোধের মধ্যেই জিএম কাদেরের পক্ষে বেশির ভাগ এমপির স্বাক্ষর নিয়ে সংসদে চিঠি জমা দিলেন তারা। জাতীয় পার্টির ২২ জন সংসদ সদদ্যের মধ্যে ১৫ জনের স্বাক্ষর নিয়ে চিঠি জমা দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, আদেলুর রহমান, নাজমা আক্তার, শরিফুল ইসলাম ও জিন্না।