আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের অন্যতম মুসলিম দেশ বাহরাইনে শ্রীকৃষ্ণের মন্দির সংস্কার কাজে ৪২ লাখ ডলার অনুদান দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার বাহরাইন সফরকালে মোদি এ ঘোষণা দেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বাহরাইনের রাজধানী মানামাতে শ্রীকৃষ্ণের মন্দির সংস্কারে ভারত সরকারের পক্ষ থেকে ৪২ লাখ ডলার দেয়া হবে। ২০০ বছরের পুরনো মন্দিরটিতে জন্মাষ্টমীও পালন করেন নরেন্দ্র মোদি।
ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটিই প্রথম বাহরাইন সফর। সংযুক্ত আরব আমিরাত সফর শেষে নরেন্দ্র মোদি শনিবার বাহরাইনে যান।
প্রধানমন্ত্রী মোদি শ্রীকৃষ্ণের মন্দিরটি নির্মাণে অর্থ বরাদ্দ করে সেই পুনর্নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন। জানা যায়, ১৬,৫০০ স্কোয়ার ফিটের জমিজুড়ে হবে এই সংস্কার কাজ। আগামী বছরের মধ্যে এই কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া বরাদ্দকৃত অর্থ খরচ হবে মন্দিরের জন্য ৪৫ হাজার বর্গফুট ভূমি অধিগ্রহণ এবং ৩০ মিটার উঁচু চারতলা বিশাল ভবন নির্মাণকাজে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার এক টুইট বার্তায় বলেছেন, ‘উষ্ণ-সৌহার্দ্যের সঙ্গে বাহরাইনকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐতিহাসিক সফর শেষ হয়েছে মানামায় অবস্থিত ওই অঞ্চলের সবচেয়ে পুরনো শ্রীনাথজি মন্দিরে প্রার্থনা করার মধ্য দিয়ে।
বাহরাইনের রাজধানী মানামার প্রাণকেন্দ্রে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের স্বীকৃতিতে পুরনো মানামা অঞ্চলকে ‘বাহরাইনের ছোট্ট ভারত’ নামে নামাকরণ করা হয়েছে।
এ দিকে কাশ্মীর বিতর্কের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমিরাতের সঙ্গে বন্ধুত্ব অটুট রাখার জন্য মোদিকে এই বিশেষ সম্মাননা দেয়া হয়েছে।
মোদিকে অর্ডার অব জায়েদ মেডেল দিয়েছেন আমিরাতের সিংহাসনের উত্তরসূরি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করাতে শনিবার আরব আমিরাত সফরে গিয়েছিলেন মোদি।
কাশ্মীরে বেসামরিক নাগরিকদের ওপর ভারতীয় সরকারের নিপীড়নে এই চূড়ান্ত সময়েও মোদিকে তুষ্ট করতে আরব আমিরাতের ভূমিকার নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।















