খালেদার মুক্তির জন্য রাজপথে আন্দোলন করতে হবে: দুদু

381

ঢাকা সংবাদদাতা: বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করতে হলে রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে হবে। জেলের তালা ভেঙ্গেই তাকে মুক্ত করতে হবে। এটাই রাজনীতি, এটাই এখন আমাদের লক্ষ্য।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, বেগম খালেদা জিয়া যদি এখন জেলের বাইরে থাকতেন তাহলে তিনি কৃষকদের পাশে দাঁড়াতেন, শ্রমিকদের পাশে দাঁড়াতেন, ছাত্রদের পাশে দাঁড়াতেন। ঢাকা শহরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ যে অসহায় জীবনযাপন করছে তাদের পাশে দাঁড়াতেন। কৃষকরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে ধান ক্ষেতে আগুন দিয়েছে, তিনি তাদের পাশে গিয়ে দাঁড়াতেন।
তিনি আরও বলেন, ব্যাংকে ও শেয়ার মার্কেটে যে টাকা লুট হয়েছে তার বিরুদ্ধে বেগম জিয়া প্রতিবাদ করতেন। বেগম জিয়া বাংলাদেশের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতেন, রাজপথে নেমে আসতেন। কিন্তু তাকে জেলে আটকে রাখা হয়েছে, যাতে তিনি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে না পারেন। যাতে তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়াতে না পারেন।

জিয়া পরিবারকে ধ্বংস করার জন্যই খালেদা জিয়াকে জেলে আটকে রাখা হয়েছে মন্তব্য করে বিএনপি’র এই নেতা বলেন, বেগম জিয়াকে জেলে আটকে রাখা হয়েছে, তার ছোট ছেলে নির্যাতনের শিকার হয়ে বিদেশে মৃত্যুবরণ করেছেন।