ওয়ানবাংলানিউজ: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ফেসবুক লাইভে এসে ব্রেক্সিটের পর নিজ দেশে মেধাবি উদ্ভাবক এবং বিজ্ঞানীদের অভিবাসন আকৃষ্ট করতে তিন দফা উদ্যোগের কথা ঘোষণা দিয়েছেন। আর মাত্র ১২ সপ্তাহ পরেই ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করবে যুক্তরাজ্য। যার আগে তিনি এমন পদক্ষেপ নেয়ার ঘোষণা দিলেন। জনসনের পরিকল্পনা অনুসারে, পয়েন্টভিত্তিক এই অভিবাসন ব্যবস্থা দেশটিতে বিদেশী বিজ্ঞানীদের আগমন সহজ ও দ্রুত করতে সহায়ক হবে। খবর : সিএনএন।
গত বৃহস্পতিবারের ওই লাইভ বার্তায় তিনি বলেন, ‘আমরা আজ ঘোষণা করছি যে আমরা অভিবাসন নীতিতে পরিবর্তন আনার কাজ শুরু করেছি। এর মাধ্যমে যুক্তরাজ্য আরো উন্মুক্ত হবে। বিশেষ করে সারা বিশ্ব থেকে বিজ্ঞানীদের আসার পথ হবে আরো সহজ।’
এই ভিডিও বার্তা প্রকাশের পরেই আরেকটি বার্তায় জনসন বলেন, ‘আমি যুক্তরাজ্যকে বৈশ্বিক বিজ্ঞান জগতের নেতৃত্বের স্থানে দেখতে চাই। আমরা যখন ইইউ ত্যাগ করব, তখন বিজ্ঞান এবং গবেষণার কাজে সরকারের সকল প্রকার সহায়তা এবং অর্থায়ন বৃদ্ধি করা হবে। বৈজ্ঞানিক সমাজের জন্য এটি একটি অনেক বড় সুযোগ। যার সুবিধা তারা নেবেন বলেই আমি আশা করি। এর ফলে সারা বিশ্বে আমাদের উদ্ভাবিত প্রযুক্তি রপ্তানির পরিমাণও বাড়বে।’
এদিকে ব্রিটিশ সরকারের নতুন অভিবাসন নীতির পরিকল্পনায় প্রথম ধাপের অসাধারণ মেধাভিত্তিক ভিসা বাতিল করা হবে। আগে দেশটিতে বিজ্ঞানীরা চাকরির অফার পেলেই আসতে পারতেন, সেই ব্যবস্থাও বিলুপ্ত করা হচ্ছে। এর পরিবর্তে আগত মেধাবি অভিবাসীদের দ্রুত ব্রিটিশ নাগরিক হওয়ার প্রক্রিয়া দ্রুত করা সহ তাদের আবাসন নিশ্চিত করা হবে।
এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল প্রথম তিন দফা অভিবাসন নীতি সংস্কারের কথা জানান। এসময় তিনি বলেন, আমাদের নতুন আবাসন নীতিতে যারা এদেশে আসবেন , তারা সমাজের জন্যে কিভাবে উদ্ভাবনী অব্দান রাখতে পারেন সেটাকেই প্রধান্য দেয়া হবে। ফলে মেধা সম্পন্ন মানুষদের আগমন নিশ্চিত হবে। এটা বিজ্ঞান এবং উদ্ভাবনের রাজত্বে যুক্তরাজ্যের প্রাধান্য নিশ্চিত করবে।















