খেলাধুলা ডেস্ক: ক্রিকেটের জন্ম যাদের হাতে তারাই কিনা ‘পুচকে’ দলের সঙ্গে ধরাশায়ী হতে বসেছে। তাও আবার টেস্ট ক্রিকেটে। লংগার ভার্সনের এই খেলায় ইংল্যান্ডের সুনাম বহুদিনের। কিন্তু আনকোরা আয়ারল্যান্ডের বিপক্ষে এবার টেস্ট হারের শঙ্কা ভর করেছে জো রুটদের মনে।
লর্ডস টেস্টের প্রথম দিন আয়ারল্যান্ডের বোলিংয়ে হাঁটু কাঁপুনি ধরে সদ্য বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপের। দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন ইংলিশরা। তবে মোটেও স্বস্তিতে নেই জো রুটের দল। হেরেও যেতে পারেন তারা! ফলে প্রথম কোনো শক্তিশালী দলের বিপক্ষে টেস্ট জয়ের অপেক্ষায় উইলিয়াম পোর্টারফিল্ডের দল। প্রথম ইনিংসের মতো ব্যাট করতে পারলেই জয়ের উজ্জ্বল সম্ভাবনা আছে।
প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের চেয়ে ১২২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে ইংল্যান্ড। দ্বিতীয় দিন (বৃহস্পতিবার) শেষে ৯ উইকেটে ৩০৩ রান করেছে তারা। জো ডেনলি ও জনি বেয়ারস্টোকে পর পর তুলে নিয়ে রুট বাহিনীকে চেপে ধরেন আইরিশরা। শেষ দিকে স্যাম কারান ২৯ বলে ৩৭ রান করে ইংল্যান্ডকে সামান্য লড়াইয়ের জায়গায় নিয়ে যান। এ পর্যন্ত ১৮১ রানে এগিয়ে তারা,হাতে আছে ১ উইকেট।
সামনে অস্ট্রেলিয়ার সঙ্গে অ্যাশেজ সিরিজ খেলবে ইংল্যান্ড। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে চারদিনের এ টেস্টকে প্রস্তুতি ম্যাচ হিসেবে নিয়েছে তারা। তবে আয়ারল্যান্ডের বোলাররা যে এভাবে ধাক্কা দেবেন, তা সম্ভবত ভাবতে পারেননি কেউ। ওপেনার জ্যাক লিচ দ্বিতীয় ইনিংসে দলের সর্বোচ্চ স্কোরার। তিনি করেন ৯২। প্রথম ইনিংসে ওপেন করা জেসন রয় এদিন নামেন ওয়ানডাউনে। তার সংগ্রহ ৭২। দলপতি রুট করেন ৩১।
আইরিশদের হয়ে ৬৬ রানে ৩ উইকেট শিকার করেন ডানহাতি পেসার মার্ক অ্যাডায়ার। ২টি করে উইকেট নেন বয়েড র্যানকিন ও স্টুয়ার্ট থম্পসন। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করে অনার্স বোর্ডে নাম লেখানো টিম মুরতাগ পান ১ উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ২৩.৪ ওভারে মাত্র ৮৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ২৩ রান করেন জো ডেনলি। স্বাগতিকদের শিবিরে ধস নামান ৩৭ বছর বয়সী ডানহাতি পেসার মুরতাগ।৯ ওভারে মাত্র ১৩ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তিনি। তাকে সমর্থন জোগান অ্যাডায়ার। ৩২ রানে ৩ উইকেট ঝুলিতে ভরেন তিনি।
জবাবে ব্রড, স্টোন ও কারানের বোলিং তোপে ২০৭ রানে গুঁটিয়ে যায় আয়ারল্যান্ড। তিন পেসারই নেন সমান ৩টি করে উইকেট। ফলে ১২২ রানের লিড পায় সফরকারীরা। তাদের হয়ে ব্যাট হাতে ৫৫ রান করেন অ্যান্ড্রু বালবির্নি। এছাড়া ৩৬ রান করেন পল স্টার্লিং।















