রাজধানীতে এক রাতে ‘কথিত বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

401

ঢাকা সংবাদদাতা: রাজধানীর বাড্ডা ও মিরপুর এলাকায় কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পক্ষ থেকে দাবি করা হয়েছে। পুলিশের এই এলিট ফোর্সের দাবি, নিহতদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী, অন্যজন শীর্ষ সন্ত্রাসী।

আজ বৃহস্পতিবার সকালে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল বুধবার গভীর রাতে বাড্ডার সাঁতারকুলে ‘বন্দুকযুদ্ধে’ মহারাজ (৪০) নামের এক ব্যক্তি এবং মিরপুরের বেড়িবাঁধ এলাকায় ভোররাত ৪টার দিকে নাজমুল হাসান ওরফে ব্যঙ্গা বাবু (৩৮) নামের আরেক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত মহারাজ শীর্ষ ‘মাদক ব্যবসায়ী’ এবং বাবু ‘শীর্ষ সন্ত্রাসী’ বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান দাবি করেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বাড্ডার সাঁতারকুলের পাঁচখোলা এলাকায় কিছু মাদক ব্যবসায়ী অবস্থান করছে। ঘটনাস্থলে গেলে তাঁরা আমাদের দিকে গুলি ছোড়ে। পরে পাল্টা গুলি করলে কয়েকজন পালিয়ে যায়। একজন গুলিবিদ্ধ হন।’

‘পরে তাঁকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তিন হাজার ইয়াবা, একটি শটগান, একটি শুটারগান, কিছু ম্যাগাজিন ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে,’ যোগ করেন এএসপি কামরুজ্জামান।

অন্যদিকে র‍্যাব-৪-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলামের ভাষ্য হচ্ছে, ‘রাতে খবর পাই, শাহআলী থানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে। র‍্যাবের টহল দল সেখানে গেলে তারা গুলি করে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি করে।’

এতে একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন র‍্যাবের এই কর্মকর্তা।