বাংলাদেশ ধর্ষকের দেশে পরিণত হয়েছে : মির্জা আব্বাস

712

ঢাকা সংবাদদাতা: বাংলাদেশে বর্তমানে কারো নিরাপত্তা নেই, পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ মঙ্গলবার রাজধানীর ওয়ারী থানাধীন বনগ্রামে ধর্ষণ ও হত্যার শিকার শিশু সামিয়া আক্তার সায়মার বাসায় তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, আইনশৃঙ্খলা ও অর্থনীতি কোনো দিক থেকেই বাংলাদেশ আজ ভালো নেই। দেশে শৃঙ্খলা থাকলে এভাবে গণহারে ধর্ষণের মতো ঘটনা ঘটত না। বাংলাদেশ আজ ধর্ষকের দেশে পরিণত হয়েছে। যদি অপরাধ বা ধর্ষণের বিচার হতো তাহলে এভাবে ধর্ষণ বেড়ে যেত না। সবক্ষেত্রেই দেশে এক ধরনের বিচারহীনতা শুরু হয়েছে। যার প্রমাণ সাত বছরের শিশু সামিয়াকে ধর্ষণ করে হত্যার ঘটনা।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ধর্ষককে শুধু গ্রেপ্তার করলেই হবে না, সরকারকে আরো কিছু পদক্ষেপ নিতে হয়। আজকে দেশে কোনো কিছুই ঘটলেই বিরোধী দলের ওপর দোষ চাপানো হয়। কোনো বিষয়ে আমাদের কোনো প্রতিবাদ করতে দেওয়া হয় না। গত কয়েক দিনে বিএনপি অফিসের সামনে থেকে বেশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে অহেতুক। সব মিলিয়ে দেশের পরিস্থিতি ভালো নয়।

এ সময় মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন।