রাজধানীর মিরপুর মডেল থানায় চুরি ও মারামারির অভিযোগে দায়ের করা একটি মামলায় এগার মাসের শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দেয়ার অভিযোগে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মারুফুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সাথে ডিএমপির মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) কাজী মাহবুবুল আলম এবং মিরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে এপিবিএন মহালছড়িতে সংযুক্ত করা হয়েছে। মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) কাজী মাহবুবুল আলমকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহারপূর্বক ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হচ্ছে। এ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মিরপুর জোনের ডিসি এবং এডিসিকে সর্তক করা হয়েছে। তাদেরকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে নিবিড়ভাবে মামলা তদারকের নির্দেশ দেয়া হয়েছে। পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক এ নির্দেশ প্রদান করেছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৬ জুন মিরপুরের বাসিন্দা হাবিবুর রহমান মিরপুর মডেল থানায় চুরি ও মারামারির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলায় অন্যান্যদের সাথে শিশু রুবেল এবং মৃত আরিফুর রহমানকেও আসামি করা হয়। শিশু রুবেল গত বছরের ৬ জুন জন্মগ্রহণ করে। অপরদিকে আরিফুর রহমান ২০১৩ সালের ৩১ জুলাই মৃত্যুবরণ করেন। মামলা দায়েরের সময় রুবেলের বয়স ছিল ২০ দিন এবং আরিফুর রহমান ঘটনার তিন বছর আগে মারা যান।
২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা শিশু রুবেল ও মৃত আরিফুর রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে মামলার তদন্তকারী কর্মকর্তা শিশু রুবেলকে ৩০ বছর দেখিয়েছেন।
এদিকে এঘটনার পরিপ্রেক্ষিতে গত ৩০ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক খুরশীদ আলম গত ৯ মে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মারুফুল ইসলামকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিলেন। অভিযোগপত্রে মৃত ব্যক্তি আরিফুর রহমানকে কেন আসামি করা হয়েছে সে বিষয়েও ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দেন আদালত। কিন্তু তিনি অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জিআরও আদালতকে অবহিত করলে আদালত আগামী ১৬ মে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন।















