খেলাধুলা ডেস্ক:বিশ্বকাপের খাতা-কলমের তথাকথিত নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান।যাতে টসভাগ্যকে পাশে পেয়েছেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। এ যুদ্ধে টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তজাকে হারিয়েছেন তিনি। সিদ্ধান্ত নিতেও ভুল করেননি সরফরাজ। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন তিনি। আর টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।
ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ডের হারে ধূলিসাৎ হয়ে গেছে পাকিস্তানেরও সেমি-স্বপ্ন! ক্ষীণ যে সম্ভাবনা বেঁচে আছে, সেটিকে বাস্তবে রূপ দিতে হলে বাংলাদেশের বিপক্ষে অবর্ণনীয় কিছু করে দেখাতে হবে তাদের। প্রথমে ব্যাট করে কমপক্ষে ৩৫০ রান করতে হবে সরফরাজদের। পরে টাইগারদের হারাতে হবে অভাবনীয় ব্যবধান, ৩১১ রানে। তবু আশাহত নন তারা।
বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। যদিও ভারতের কাছে হেরে সেমিফাইনাল স্বপ্ন ভেঙে গেছে টাইগারদের। তদুপরি গোটা টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলেছে তারা। টুর্নামেন্টের শেষটাও রাঙাতে চান মাশরাফি-সাকিবরা। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে চান তারা। শেষ ম্যাচে বিজয় নিয়ে হাসিমুখে দেশে ফিরতে চান টাইগাররা। ফলে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ক্রিকেটবোদ্ধারা।















