বান্দরবানে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে ২ সেনাসদস্য নিহত

337

ঢাকা সংবাদদাতা: বান্দরবান সদর উপজেলার ভারী অস্ত্র ফায়ারিং রেঞ্জে আজ শুক্রবার এক বিস্ফোরণে দুই সেনাসদস্য নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন লামা উপজেলার জাহিদুল ইসলাম (২৮) ও নিপুণ চাকমা (৩০)। আহতদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে। হতাহতরা সবাই কুমিল্লা সেনানিবাসের ১৬ প্যারা ব্যাটালিয়নের সদস্য।

বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, শনিবার বিকেলে আমতলীতে সেনাবাহিনীর ফায়ারিং প্রশিক্ষণের কথা ছিল।

এ জন্য সেনাসদস্যরা ঝোপ পরিষ্কার করার সময় সকাল ১০টা ২০ মিনিটের দিকে একটি পরিত্যক্ত শেল বিস্ফোরিত হয়। এতে জাহিদুল ঘটনাস্থলে মারা যান এবং ১১ জন আহত হন বলে জানান পুলিশ সুপার জাকির।

আহতদের সিএমএইচে নেওয়ার সময় নিপুণ চাকমার মৃত্যু হয়।