পুনর্গঠন হচ্ছে চব্বিশের গণঅভ্যুত্থানে সামনের সারিতে থাকা ছাত্রনেতাদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পুনর্গঠিত কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেনই থাকছেন। তবে নতুনভাবে দায়িত্ব পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার স্টার নিউজকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, সাংগঠনিকভাবে দলকে পুরোপুরি ঢেলে সাজাতেই এ ব্যবস্থা। দুয়েক দিনের মধ্যে পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
জানা গেছে, পরিবর্তিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আসছেন হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী।
বর্তমানে হাসনাত আবদুল্লাহ দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়কের দায়িত্বে রয়েছেন।
এছাড়া দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হচ্ছে। মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও আসছেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে।
এ ছাড়া সারজিস আলমকে দলের সাংগঠনিক কার্যক্রম দেখভালের দায়িত্ব দেয়া হতে পারে। এ কাজে তাকে সহযোগিতা করবেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ।
কমিটিতে পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এ বিষয়ে দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হবে।’















