ঢাকা সংবাদদাতা: চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গেলেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। বুধবার সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন।
লন্ডনের মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন তিনি। পরে সেখান থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাবেন রাষ্ট্রপতি।
মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন বিমানবন্দরে তাকে বিদায় জানান। এ সময় উপস্থিত ছিলেন কূটনৈতিক কোরের ডিন, যুক্তরাজ্য ও জার্মানির দূত, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, তিন বাহিনীর প্রধান, আইজিপি ও স্বরাষ্ট্র সচিব।
এই সফর শেষে ২৬ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে বলে তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান।
৭৫ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।















