ওয়ানবাংলানিউজ:ব্রিটেনে গত বৃহস্পতিবার অনুষ্টিত হয় বেশ কিছু কাউন্সিল নির্বাচন। এতে বিভিন্ন দলের হয়ে নির্বাচন করেন বহু সংখ্যক বাংলাদেশী বংশোদ্ভুত প্রার্থী। তাদের অনেকের মধ্যে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন ফলিক চৌধুরী। আর প্রথম বারের মতো নির্বাচিত ইফতেখার আলম মুকুল। তাদের উভয়ের দেশের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়।
ফলিক চৌধুরী যুক্তরাজ্যের নর্থওয়েলসাম পশ্চিম এ ৪র্থ বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছে। তিনি বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের নভাগি গ্রামের মরহুম আব্দুস সালামের পুত্র।
চার সন্তানের জনক ফলিক চৌধুরী দীর্ঘদিন যাবৎ স্বপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়া বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সমাজসেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।
নরউইচ সিটির নিউ কসটি ওয়ার্ডে লেবার পার্টির মনোনয়ন পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিশ্বনাথের কৃতিসন্তান ইফতেখার আলম মুকুল। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চরচন্ডী গ্রামের মরহুম হাজী এখলাছ মিয়ার পুত্র।
ইফতেখার আলম মুকুল দীর্ঘদিন যাবৎ স্বপরিবারে যুক্তরাজ্েযর নরউইচ সিটিতে বসবাস করে আসছেন। তিনি বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সিনিয়র ট্রাস্টী। প্রথমবারের মতো নির্বাচিত কাউন্সিলর মুকুল পেশায় একজন ব্যবসায়ী। তিনি কমিউনিটির সাথে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত রয়েছেন।
এদিকে নবনির্বাচিত এই দুই কাউন্সিলারকে অভিনন্দন জানিয়েছে চ্যারিটি সংগঠন বিশ্বনাথ এইড ইউকে। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আব্দুর রহিম রঞ্জু, সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ ও ট্রেজারার বখতিয়ার খান তাদের ভবিষ্যত সফলতা কামনা করেছেন। একই সাথে নব নির্বাচিত এই কাউন্সিলারকে অভিনন্দন জানিয়েছে খাজাঞ্চী জনকল্যান ট্রাস্ট। ট্রাস্টের সভাপতি আব্দুল বাছিত রফি ও সাধারণ সম্পাদক বখতিয়ার খান এই অভিনন্দন জানিয়েছেন।















