অডিও টেপ ফাঁসে নতুন করে চাপে পড়লেন ট্রুডো

630

আন্তর্জাতিক ডেস্ক: এসএনসি-লাভালিন ঘটনাকে কেন্দ্র করে সাবেক বিচারমন্ত্রী নতুন তথ্য ফাঁস করায় ফের চাপে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।-খবর বিবিসির।

জডি উইলসন-রেবুল্ড নামের ওই সাবেক মন্ত্রী বলেন, কোম্পানিটিকে দুর্নীতির হাত থেকে রক্ষা করতে চেষ্টা করেছেন সরকারি কর্মকর্তারা। পার্লামেন্ট কমিটির হাতে তিনি একটি অডিও রেকর্ড ও অন্যান্য নথি হস্তান্তর করেছেন।

শুক্রবার এসব নথি জনসমক্ষে নিয়ে আসা হয়। যা জাস্টিন ট্রুডোকে নতুন করে চাপে ফেলতে যাচ্ছে। বিতর্কের খাদ থেকে উদ্ধার পেতে গত কয়েক সপ্তাহ ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির আমলে দরপত্র পেতে ঘুষ দিয়েছিল এসএনসি-লাভালিনের কর্মকর্তারা। ২০১১ সালে গাদ্দাফি সরকারের পতন ঘটেছিল।

এসএনসি-লাভালিন যাতে বিচারের ক্ষেত্রে আনুকূল্য পায়, সেজন্য উইলসন-রেইবাউন্ডের ওপর চাপ দেয়ার অভিযোগ উঠেছে এই লিবারেল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।

বিচার কিংবা জরিমানার মতো বিকল্প শাস্তি থেকে রেহাই দিতে উইলসন-রেইবাউন্ডকে চাপ দিয়েছিলেন ট্রুডো বলে অভিযোগ উঠেছে।

এ সংকটে উইলসন-রেইবাউন্ডসহ দুই মন্ত্রীকে হারাতে হয়েছে কানাডীয় প্রধানমন্ত্রীকে। গত ফেব্রুয়ারিতে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন উইলসন।

তবে নিজের বিরুদ্ধে ওঠা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন জাস্টিন ট্রুডো।