মধ্য আকাশে ৪ শতাধিক সৌদিগামী যাত্রী আটকা

1218

আন্তর্জাতিক ডেস্ক: ঢাকার আকাশ পেরিয়ে গেলেও যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় মধ্য আকাশে সৌদি এয়ারলাইনসের একটি বিমানের চার শতাধিক যাত্রী আটকা পড়েন। বিমানটি পুনরায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।

মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে সৌদি আরবের উদ্দেশে রওনা দেয়ার পরই ঢাকার আকাশে এ ঘটনা ঘটে। বুধবার রাতে আরেকটি বিমানে যাত্রীদের নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

বিমানের যাত্রীরা জানান, উড্ডয়নের এক ঘণ্টা ৪০ মিনিট পর ফের ঢাকায় অবতরণ করে বিমানটি। পরে বিমানের যাত্রীদের উত্তরার বিভিন্ন হোটেলে রাখা হয়।

গাজী ট্রাভেলস থেকে ওমরাহর উদ্দেশ্যে টিকিট কেটেছেন ৫০ জন। ওই দলের একজন আবুল ফয়েজ। তিনি জানান, মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে আমাদের বহন করা বিমানটি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

এক ঘণ্টা ৪০ মিনিট পর রাত পৌনে ২টার দিকে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে ফের ঢাকায় অবতরণ করে বিমানটি। বুধবার ভোর ৪টায় আমাদের উত্তরার বিভিন্ন আবাসিক হোটেলে তোলা হয়।

আরেক যাত্রী শরিফুল ইসলাম জানান, বুধবার ভোরে উত্তরার বিভিন্ন হোটেলে আমাদের উঠানো হয়।

শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক বলেন, টেকনিক্যাল সমস্যার কারণে সৌদি এয়ারলাইনসের বিমানটি উড্ডয়নের পর আবার অবতরণ করে। বুধবার রাতে আরেকটি বিমানে যাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে।