ক্রাইস্টচার্চে হামলায় নিহত সিরীয় শরণার্থী ও তার ছেলের দাফন

355

আন্তর্জাতিক ডেস্ক: ক্রাইস্টচার্চ মসজিদে জোড়া হামলায় নিহত অর্ধশত মুসল্লির মধ্যে বুধবার প্রথমবারের মতো এক সিরীয় শরণার্থী ও তার সন্তানকে দাফন করা হয়েছে।

লিনউড মসজিদ থেকে খুব বেশি দূরে নয় এমন একটি গোরস্তানে তাদের দাফন করা হয়। এর আগে বুধবার ভোরে তাদের জানাজায় বিপুল মানুষ অংশ নেন। খালিদ মোস্তফা ও তার ১৫ বছর বয়সী ছেলে হামজাকে দাফনের আগে লাউড স্পিকারে তাদের জন্য দোয়া করা হয়।

৪৪ বছর বয়সী খালিদ ও তার ছেলে শুক্রবার আল নুর মসজিদে জুমার নামাজ পড়তে গেলে হত্যাকাণ্ডের শিকার হন। খালিদের স্ত্রী ছাড়াও এক কন্যা ও এক ছেলে রয়েছে। হামলায় তার ছোট ছেলে জায়িদ আহত হলেও বেঁচে গেছেন।

জানাজায় যখন দোয়া চলছিল, তখন হুইলচেয়ারে বসা জায়িদকেও হাত উঠিয়ে বাবা ও ভাইয়ের জন্য দোয়া করতে দেখা গেছে।

মোনাজাদে জায়িদ বলেন, হামলার সময় আমি আপনাদের সামনে দাঁড়াতে পারিনি। কিন্তু ঠিকই আপনাদের পাশেই শায়িত হব।

জানাজায় লিনউড মসজিদে হামলাকারী সন্ত্রাসীকে তাড়িয়ে দেয়া আফগান শরণার্থী আবদুল আজিজকেও দেখা গেছে। লোকজন তাকে কাছে পেয়ে আলিঙ্গন করছিলেন।