পুনর্নির্বাচন হবে না, বিশৃঙ্খলা মেনে নেবো না: ঢাবি উপাচার্য

354

ঢাকা সংবাদদাতা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পুনর্নির্বাচন আয়োজন সম্ভব হবে না। পুনর্নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে এবং বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনে নেবে না। বললেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

বুধবার দুপুরে উপাচার্য কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আখতারুজ্জামান বলেন, ডাকসু নির্বাচন সফল করতে বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ’ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর শ্রম-সময় ও মেধার যে খরচ হয়েছে তার প্রতি অসম্মান জানাতে পারি না। তাদের শ্রমকে অসম্মান করার এখতিয়ার আমার নেই।

এর আগে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে পুনর্নির্বাচনের দাবিতে সাক্ষাৎ করেন ভিপি নুরুল হক নুর, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, স্বতন্ত্র ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান, স্বতন্ত্র জিএস প্রার্থী এ আর এম আসিফুর রহমানসহ ডাকসু নির্বাচনে অংশ নেওয়া পাঁচটি প্যানেলের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা।

তারা পুনর্নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপিও প্রদান করেন।