ওয়ানবাংলা নিউজ: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট লেখক, বিলেতের কমিউনিটি নেতা, ইমিগ্রেশন কনসালটেন্ট জনাব আমীর আহমদ সিংকাপনি বুধবার ৫ জুলাই বিকেল সাড়ে ৫ টায় লন্ডনের ইউম্ভলী পার্কের নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, তিন ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমীর আহমদ সিংকাপনী লন্ডনের বিশিষ্ট কমিউনিটি নেতা ও সাংবাদিক নেতা কে এম আবুতাহের চৌধুরীর বড় ভাই।
মরহুম আমীর আহমদ সিংকাপণী ছিলেন ওলীয়ে কামেল হাফেজ মাওলানা আব্দুল কাদের চৌধুরী সিংকাপণী (রা:) এর তৃতীয় পুত্র।
জনাব আমীর আহমদ সিংকপণী ১৯৬৩ সালে যুক্তরাজ্যে আসেন। তিনি ১৯৬৪-৬৫ সালে তৎকালীন অক্সব্রিজ পাকিস্তান ওয়েলফায়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট, ১৯৬৬-৬৮ সালে হ্যামশায়ার মুসলিম সোসাইটির সেক্রেটারি ও পোর্টমাউথ পাকিস্তান ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মু্ক্তিযুদ্ধের প্রবাসী সংগঠকদের অন্যতম হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৮০ সালে সোয়ান্সি মসজিদ ও ইসলামিক সেন্টারের কনসালটেন্ট, ১৯৮২-৯২ সালে পশ্চিম লন্ডনের বেঙ্গলি কমিউনিটি এসোসিয়েশনের প্রেসিডেন্ট, ১৯৮৪ সালে গ্রেটার লন্ডন কাউন্সিলের মেম্বার, ১৯৭১সালে বাংলদেশ একশান সাব কমিটির চেয়ারম্যান, ১৯৭৭-৭৮ সালে পোর্টসমাউথ মসজিদের প্রেসিডেন্ট ছিলেন।
মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আমীর আহমদ সিংকাপনীর নামাজের জানাযা ৭ জুলাই শুক্রবার বাদ জুম্মাহ ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমের দাফন কাজ পিস অফ গার্ডেনে সম্পন্ন করা হবে।














