লন্ডনে বাড়িওয়ালা সেজে ভাড়াটিয়ার প্রতারণা

229

ওয়ানবাংলানিউজ: ক্রেইগ স্পোকস নামের এক যুবক লন্ডনের কেমডেন কাউন্সিলের ব্লুমসবারি এলাকার এই ফ্ল্যাট ভাড়া নিয়ে মাত্র তিন সপ্তাহ বসবাস করেন। নর্থহ্যাম্পটন থেকে লন্ডনে এসে নতুন জীবন শুরু করতে তিনি বাড়িওয়ালা ভেবে এক ব্যক্তির একাউনটে সাড়ে ১৯ হাজার পাউন্ড জমা দিয়ে চাবি নিয়ে এই ফ্ল্যাটে ওঠেন। একদিন সকালে কাজে যাওয়ার জন্য তৈরি হয়ে শোনেন দরজায় কেউ ডাকছে। খুলে দেখেন বেইলিফের লোকেরা এসেছে ঘর খালি করতে। তখনই ক্রেইগ স্পোকস জানতে পারেন যে লোকের কাছ থেকে তিনি ঘর ভাড়া করেছেন, সেই লোক আসলে ভাড়াটিয়া ছিল। ১৪ হাজার পাউন্ড ভাড়া বকেয়া রাখার কারণে ওই লোকের কাছ থেকে ঘরের দখল নিতে আসে বেইলিফের লোকেরা।

বেশ কয়েক বছর সমুদ্র ভ্রমণের জাহাজে সাংস্কৃতিক দলে কাজ করেন ক্রেইগ স্পোকস। তাঁর পিতা বেরি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করার পর তিনি জীবনকে অন্যভাবে সাজাতে চেষ্টা করেন। এই সময় তিনি অনলাইনে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনটি দেখেন। পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থ দিয়ে তিনি ফ্ল্যাটের ডিপোজিট এবং এক বছরের অগ্রিম ভাড়া পরিশোধ করেন। এক বছরের ভাড়া একসাথে দিলে প্রতি মাসে ৫০০ পাউন্ড ভাড়া কম পাওয়ার আশ্বাসে তিনি পুরো এক বছরের ভাড়া দিয়ে দেন।

ক্রেইগ স্পোকস জানিয়েছেন, এই লোককে তিনি ভাড়ার সমুদয় অর্থ দিয়েছেন। তাঁর নাম সামি দাইম। এই ফুটেজে দেখা যাচ্ছে, তিনি অন্য একটি প্রপার্টি ঘুরে দেখাচ্ছেন। তাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলে দেখা যায়, তিনি অভিজাত জীবন-যাপন করেন। বিবিসি তাঁর সাথে যোগাযোগ করে কোনো সাড়া পায়নি।

ক্রেইগ স্পোকস নর্থহ্যাম্পটনে ফিরে গিয়ে এখন পরিবারের অন্য সদস্যদের কাছাকাছি থাকছেন এবং সেখানে একটি চাকুরীও পেয়েছেন। তিনি লেটিং এজেন্টের মাধ্যমে সব যোগাযোগ করলেও ভাড়া জমা দেয়ার জন্য লেটিং এজেন্টের পেমেন্ট সিস্টেম ব্যবহার করেননি। অন্যদের সচেতন করতে তিনি এমন কাজ না করার আহবান জানাচ্ছেন।

ক্রেইগ স্পোকস লন্ডন মেট্রোপলিটন পুলিসের কাছে গিয়েছিলেন। তাঁরা তাঁকে পাঠিয়ে দিয়েছে একশন ফ্রড নামের প্রতিষ্ঠানের কাছে। তাঁরা নিজেরা তদন্ত করেনা। কিন্তু তদন্ত করার মতো ঘটনা হলে পুলিসকে তদন্ত করতে নির্দেশনা দেয়। কিন্তু ক্রেইগ স্পোকস এর ঘটনা তদন্ত করা হবেনা বলে জানিয়ে দিয়েছে একশন ফ্রড।

বিবিসির প্রশ্নের জবাবে একটি উত্তর পাঠিয়েছে একশন ফ্রড।