ভারতেও বাতিল হচ্ছে বোয়িং ৭৩৭ ম্যাক্স

384

আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনার পর একের পর এক দেশ বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের উড়ান বাতিল করেছে। এই তালিকায় এবার যুক্ত হতে চলেছে ভারতও।

মঙ্গলবার রাতে ভারত তাদের ৭৩৭ ম্যাক্স ৮ বিমানের আটটি ফ্লাইটকেই নামিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে। এর আগে সিঙ্গাপুর, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, নাইজেরিয়া, অস্ট্রেলিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি যুক্তরাষ্ট্রের তৈরি এই বিমানের উড়ান বাতিল করে।

গত রোববার ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৫৭ জন আরোহীর সবাই মারা যাওয়ার পর বোয়িংয়ের এই মডেলের বিমানের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এরপরই বেশ কয়েকটি দেশ তাদের আকাশ সীমায় এই বিমানের উড়াল বা তাদের বিমান বন্দরে ওঠা-নামা সাময়িকভাবে বাতিল ঘোষণা করে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ভারতের বেসামরিক বিমান বিভাগের ডিজি ৭৩৭ ম্যাক্স ৮ বিমানের আটটি ফ্লাইট বাতিল ঘোষণা করেন। এ ব্যাপারে বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

এ নিয়ে টুইটারে ভারতের বিমান মন্ত্রণালয় জানায়, ‘বরাবরের মতোই যাত্রীদের নিরাপত্তাই আমাদের কাছে সবার আগে প্রাধান্য পেয়েছে, এবারেও তাই। আমরা এ নিয়ে বিশ্বের সমস্ত বড় বিমান পরিবহন ও বিমান প্রস্তুতকারক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করবো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেব।’

এর আগে ব্রিটেনের বেসামরিক বিমান কর্তৃপক্ষ (সিএএ) এক বিবৃতিতে বলেছে, বিধ্বস্ত ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ডাটা রেকর্ডার থেকে এখনো কোনো তথ্য জানা যায়নি। ফলে, আপাতত ব্রিটেনের আকাশ সীমায় বোয়িং ৭৩৭ ম্যাক্স নিষিদ্ধ থাকবে।

বোয়িংয়ের সফল ৭৩৭ বিমানের সর্বশেষ মডেলটি হচ্ছে ম্যাক্স (৭, ৮,৯ এবং ১০)।

এ বছরের জানুয়ারি পর্যন্ত বোয়িং বিভিন্ন ধরনের ৫,০১১ টি ম্যাক্স বিমানের অর্ডার পেয়েছে। এখন পর্যন্ত সরবরাহ করেছে ৩৫০টি।

রবিবার ইথিওপিয়ান এয়ারলাইন্সের যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি ৭৩৭ ম্যাক্স ৮ মডেল। বোয়িংয়ের কাছ থেকে এরকম ৩০টি বিমান কেনার চুক্তি করেছে ইথিওপিয়ার এই বিমান সংস্থা।

গত বছর অক্টোবরে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের যে বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছিল সেটিও ছিল ৭৩৭ ম্যাক্স। পাঁচ মাসের মধ্যে এই মডেলের আরো একটি বিমান বিধ্বস্ত হওয়ায় বিশ্বজুড়ে এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল কর্তৃপক্ষ অবশ্য বলছে, বোয়িংয়ের এই মডেল নিরাপদ নয়, এই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস/বিবিসি বাংলা