আয়াক্সের কাছে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

535

স্পোর্টস ডেস্ক: ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের তাদের মাঠেই উড়িয়ে দিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে আয়াক্স। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি পর্বে সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-১ গোলে জিতেছে নেদারল্যান্ডসের দলটি। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ডে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে তারা।

ম্যাচ শুরুর সপ্তম মিনিটে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। মাঝমাঠের কাছে টনি ক্রুসের দুর্বল ব্যাকপাস দুসান তাদিচ নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডারদের পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে ছোট করে বাড়ান হাকিমকে। পেনাল্টি স্পটের কাছ থেকে কোনাকুনি শটে বল জালে পাঠান এই ডাচ মিডফিল্ডার।

অষ্টাদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আয়াক্স। কাসেমিরোকে কাটিয়ে সার্ব ফরোয়ার্ড তাদিচ অনেকটা এগিয়ে কোনাকুনি ডি-বক্সে বল বাড়ান। বল ধরে আগুয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়াকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেরেস। এরই সঙ্গে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় চারবারের চ্যাম্পিয়ন আয়াক্স।

৫২তম মিনিটে তাদিচের শট ঠেকিয়ে রিয়ালকে ম্যাচে রাখেন কোর্তোয়া। তবে তাকে বেশিক্ষণ আটকে রাখতে পারেননি বেলজিয়ামের এই গোলরক্ষক। সতীর্থের পাস ডি-বক্সের মুখে পেয়ে ভিতরে ঢুকেই বাঁ পায়ের উঁচু জোরালো শটে বল ঠিকানায় পাঠান তাদিচ। গোলটির আক্রমণের শুরুতে বল বাইলাইন পেরিয়ে গিয়েছিল কি-না সন্দেহে ভিএআরের সাহায্য নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি।

৭০তম মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার সের্জিও রেগিলনের পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন আসেনসিও। বল পোস্টের ভিতরের কানায় লেগে জালে জড়ায়। তবে দুই মিনিট পরই বাঁ দিক থেকে অসাধারণ এক ফ্রি-কিকে ক্রসবার ঘেঁষে দূরের পোস্ট দিয়ে বল লক্ষ্যে পাঠান ডেনমার্কের মিডফিল্ডার লেসে শুন। ঝাঁপিয়ে পড়েও গোলের নাগাল পাননি কোর্তোয়া।

ক্লাব ফুটবলে ইউরোপের শীর্ষ এই প্রতিযোগিতায় টানা তিনবারসহ গত পাঁচ আসরে চারবারের চ্যাম্পিয়ন দলটি নয় মৌসুম পর শেষ ষোলো থেকে ছিটকে পড়ল। সমর্থকদের সামনেই চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ থেকে বিদায় নিতে হলো রেকর্ড ১৩বারের চ্যাম্পিয়নদের।

সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে টানা চার ম্যাচ হারলো মাদ্রিদের ক্লাবটি। এর মধ্যে শেষ সাত দিনেই তিনবার!

অন্য দিকে, সবশেষ ১৯৯৪-৯৫ মৌসুমে ইউরোপ সেরার মুকুট পরা দলটি এবারে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠলো আয়াক্স।