ঢাকা সংবাদদাতা: নোয়াখালীর সুবর্ণচরের চরজুবলি ইউনিয়নের মধ্যবাগ্যা গ্রামে ভোটের দিন রাতে গণধর্ষণের শিকার গৃহবধূকে দেখতে গিয়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতাল গিয়ে নির্যাতিতা গৃহবধূ ও তার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।
এ সময় হিরো আলম বলেন, নির্বাচনের দিন আমাকেও মারধর করা হয়েছে। আমার বিচার পরে, আগে আমার এই বোনের অপরাধীদের বিচার করেন।
হিরো আলম বলেন, গরীব গরীবের দুঃখ বোঝে, তাই আমি এতদূর থেকে ছুটে এসেছি। আমি নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। চাই তাদের ফাঁসি হোক, এমন ঘটনা যেন আর বাংলার ঘরে না ঘটে।
শুক্রবার রাতে রওনা হয়ে সকালে নোয়াখালীর ওই হাসপাতালে যান বলে জানান হিরো আলম। নোয়াখালী থেকে হিরো আলম পরে সুবর্ণচরে নির্যাতিতা গৃহবধূর বাসায় যান। সেখানে তার মেয়ের সাথে কথা বলেন ও সান্তনা দেন।
একই দিন দুপুর ১টায় নির্যাতিতা গৃহবধূকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ঐক্যফ্রন্টের নেতারাও।
প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনে ভোটের দিন রোববার রাতে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনের নেতৃত্বে একদল যুবক ওই নারীর বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তার স্বামী-সন্তানদের অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ফেলে। পরে ওই নারীকে ঘরের বাইরে নিয়ে দুর্বৃত্তরা ধর্ষণ করে। তাকে শারীরিকভাবে নির্যাতনও করা হয়।
এ ঘটনায় সোমবার রাতে নির্যাতিত গৃহবধূর স্বামী বাদী হয়ে চরজব্বার থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এতে উল্লেখ করা হয়, ৩০ ডিসেম্বর দুপুরে সংসদ নির্বাচনে সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের ১৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান। ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় ওই নারীর সঙ্গে কেন্দ্রে থাকা স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের তর্ক হয়। যুবকরা ওই নারীকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে ওই রাতেই গণধর্ষণের শিকার হন চার সন্তানের জননী ওই গৃহবধূ।
এরই মধ্যে এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।















