নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই : চরমোনাই পীর

786

ঢাকা সংবাদদাতা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, এখনো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এভাবে চলতে থাকলে দেশে গুম, খুন বেড়ে যাবে।

আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে দলটির নির্বাচনী ইশতেহার ঘোষণা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চরমোনাই পীর।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘নির্বাচন কমিশনকে বলব, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করুন। স্বাধীনতার ৪৮ বছরেও আমরা সুষ্ঠু নির্বাচন পদ্ধতি গড়ে তুলতে পারিনি।’

জোট-মহাজোটের বাইরে থাকা ইসলামী আন্দোলন স্বতন্ত্রভাবে সারা দেশে ২৯৮টি আসনে নির্বাচন করছে।

দলের ইশতেহারে বাংলাদেশকে ১৫ বছরের মধ্যে উন্নত ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করার করা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা, জনমতের যথার্থ প্রতিফলন, সুষ্ঠু নির্বাচন ও কার্যকর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে সংসদ নির্বাচন পদ্ধতির আমূল সংস্কার, মানুষের সার্বিক কল্যাণে ধর্ম ও রাজনীতির সমন্বয় করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এ ছাড়া দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও অনৈতিক পেশার সঙ্গে জড়িতদের রাজনীতি নিষিদ্ধ করার প্রতিশ্রুতি রয়েছে ইশতেহারে।