আন্তর্জাতিক ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্টের বৃহস্পতিবার স্থগিত হওয়া সংবাদ সম্মেলন আজ (শুক্রবার) বিকালে জোটের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এ সংবাদ সম্মেলন বিকাল ৩ টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন অসুস্থ বোধ করায় সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়।
সংবাদ সম্মেলনে ড. কামাল ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি, ঐক্যফ্রন্ট নেতাদের ওপর হামলা, মামলা, গ্রেপ্তার নিয়ে বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।
এদিকে আগামী ২৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের প্রস্তুতি নিচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। এর আগে ২৪ ডিসেম্বর রাজধানীতে শোভাযাত্রা করারও সিদ্ধান্ত রয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের। এ জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি চেয়ে আবেদন করা হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা।















