চট্টগ্রামে কারাবন্দি ডা. শাহাদাতের বাসায় পুলিশের ‘তাণ্ডব’

403

ঢাকা সংবাদদাতা: চট্টগ্রাম-৯ আসনে কারাবন্দি বিএনপি প্রার্থী ডা.শাহাদাত হোসেনের বাসায় পুলিশ তাণ্ডব চালিয়েছে অভিযোগ করেছে তার পরিবার। সোমবার বিকাল ৫টায় নগরীর বাদশাহ মিয়া সড়কের নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ডা. শাহাদাতের মা শায়েস্তা খানম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রোববার রাত আড়াইটা থেকে ৩টার দিকে ২-৩টি গাড়িতে করে ২০-২২ জন পুলিশ তাদের বাসায় আসে। তারা কলিং বেল টিপে বাসায় নক করে। তারা (ডিবি পুলিশ) পরিচয় দিয়ে দরজা খোলার জন্য বলে। ভেতর থেকে দরজা খুলবে না বলে জানানো হলে দরজা ভেঙে ফেলা হবে বলে হুমকি দেয় আগত পুলিশ সদস্যরা।

তিনি বলেন, এরপর দরজা খুলে দেয়া হলে ফ্ল্যাটের বিভিন্ন রুম তল্লাশির নামে তাণ্ডব চালানো হয়। এ সময় একটি বাথরুম ভেঙে ফেলা হয়। তাদেরকে (পুলিশ) আমি যখন বলি আপনারা কেন আসছেন। তখন তারা বলে ওপরের নির্দেশে এসেছি। আমাদের করার কিছু নেই।’

সংবাদ সম্মেলনে নগর বিএনপি সভাপতি ডা. শাহাদাতের মা আরও বলেন, ‘এখানে দুজন কাজের মেয়ে নিয়ে আমি একা থাকি। এখানে কোনো বিএনপি একটিভিস্ট (কর্মী) আসে না, নির্বাচনী কোনো কার্যক্রম পরিচালনা করা হয় না। তারপরও পুলিশ আমাদের বাসায় হানা দিচ্ছে। আমরা এখন জীবন নিয়ে শঙ্কিত।

তিনি দাবি করেন, আমার ছেলের পোস্টার লাগালে ফেলে দিচ্ছে। লিফলেট লাগালে ফেলে দিচ্ছে। প্রচারণা করলে খুন করবে বলে হুমকি দিচ্ছে। গুম করবে বলে হুমকি দিচ্ছে। এসব কি হচ্ছে। আমি ডায়াবেটিস ও হার্টের রোগী। আমি রাতে ওষুধ খেয়ে ঘুমাই। আমি জনগণের কাছে এসবের বিচার চাই। আমি আল্লাহর কাছে এসবের বিচার চাই। আমি আর কাউকে বিচার দিতে পারছি না। আল্লাহর কাছে দিলাম।’

তিনি আরও অভিযোগ করেন, ‘শুধু এই বাসায় না আমার নিজের বাড়ি বাকলিয়াতেও পুলিশ তাণ্ডব চালাচ্ছে। ওখানেও আমরা থাকতে পারছি না। ওখানে সারা দিন পুলিশ আমাদের নানা অজুহাতে হয়রানি করছে।’

ডা. শাহাদাতের খালা রেহেনা আক্তার সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা প্রচার-প্রচারণায় বের হতে পারছি না। আমরা প্রচারণায় বের হলেই তারা (বিরোধীরা) বলে আপনারা কেন বের হয়েছেন। আপনারা যানগা। এটা স্বাধীন দেশ বলে মনে হচ্ছে না।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. শাহাদাতের প্রধান নির্বাচন সমন্বয়কারী অ্যাডভোকেট বদরুল আনোয়ার, সমন্বয়কারী একরামুল করিম, নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মান্নান ও ডা. শাহাদাতাদের ব্যক্তিগত সচিব মারুফুল হক চৌধুরী।