খালেদা জিয়ার প্রতি ন্যায়বিচারে ইসিকে আহ্বান বিএনপির

363

ঢাকা সংবাদদাতা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি ন্যায়বিচারে নির্বাচন কমিশনকে (ইসি) আহ্বান জানিয়েছে বিএনপি।

শনিবার নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ আহ্বান জানান।

তিনি বলেন, রিটার্নিং অফিসাররা অন্যায়ভাবে বিএনপি চেয়ারপারসনের তিনটি মনোনয়নপত্র বাতিল করেছেন। এটা সরকারের ষড়যন্ত্রেরই অংশ। তিনটি আসনে উনার পক্ষে আপিল করা হয়েছে।

‘আইন তার নিজস্ব গতিতে চললে দেশনেত্রী প্রার্থিতা ফিরে পাবেন। নির্বাচন কমিশনকে বলবো দেশনেত্রী বেগম জিয়ার প্রতি ন্যায় বিচার করুন।’

রিজভী বলেন, ইসি সংবিধান ও আইন অনুসরণ করলে এবং বিতর্কের ঊর্ধ্বে উঠে বিশ্বাসযোগ্য সিদ্ধান্ত নিলে খালেদা জিয়া অবশ্যই প্রার্থিতা ফিরে পাবেন। অন্যথায় খালেদা জিয়া ছাড়া নির্বাচন হলে তা হবে একটি বিশাল প্রহসন।

বিএনপির এ নেতা আরও বলেন, খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। আসন্ন নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেয়ার জন্যই তাকে মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি করা হয়েছে।