ঢাকা সংবাদদাতা: মনোনয়নপত্র বাতিল হওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন।
আপিলের দ্বিতীয় দিনে মঙ্গলবার ১০ টার পর তারা আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন।
বিএনপিপন্থী চিকিৎকদের নেতা জাহিদ হোসেন ময়মনসিংহ-৪ আর রুহুল কুদ্দুস নাটোর-২ আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন।
মামলায় সাজা হওয়ায় এই দুজনের মনোনয়ন বাতিল করেন ময়মনসিংহ ও নাটোর জেলা রিটার্নিং কর্মকর্তারা।
প্রার্থিতা ফিরে পেতে আবেদন শুরুর প্রথম দিনে সোমবার নির্বাচন কমিশনে আবেদন করেন ৮৪ জন। আগামীকাল বুধবারও এই আবেদন চলব। আগামী ৬ থেকে ৮ ডিসেম্বরের মধ্যে এসব আপিলের নিষ্পত্তি করবে ইসি।
ঋণখেলাপি, বিল খেলাপি, সাক্ষর না থাকা, সাজাপ্রাপ্তসহ নানা কারণে মনোনয়ন বাতিল হয়েছে ৭৮৬ জনের।৩০০ আসনে প্রার্থী হিসেবে টিকে রইলেন দুই হাজার ২৭৯ জন।
বাতিলের খাতায় বেশিরভাগই বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোটের প্রার্থী। রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, মীর নাসিরসহ প্রথমসারির বহু নেতা।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর আওয়ামী লীগের বৈধ প্রার্থী ২৭৮ জন। আর বিএনপির রয়েছেন ৫৫৫ জন।















