চীনা সীমান্তে ভারতীয় বাহিনীর প্রবেশের অভিযোগ

726

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তিব্বতে প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে চীন। তাদের দাবি, ভারতের সিকিম রাজ্য থেকে অবৈধভাবে বিএসএফ চীন কর্তৃত্বাধীন তিব্বতে প্রবেশ করেছে। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ভারতের এমন আচরণে দুই দেশের সম্পর্ক আরও জটিল হবে বলে মনে করে চীনা পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ভারতীয় বাহিনী স্বাভাবিক প্রক্রিয়া মানেনি। তারা তাদেরকে সেখান থেকে চলে যাওয়ার আহ্বান জানান। সোমবার এক বিবৃতিতে তারা জানায়, ভারতকে চীনের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো উচিত। ইতোমধ্যে সিকিম ও তিব্বত মাঝামাঝি নাথু লা পাসে পূণ্যার্থীদের যাত্রা বন্ধ করে দিয়েছে চীন।

নাথুলা পাস ভারত ও চীনের মধ্যে একমাত্র স্থল সীমান্ত পথ। ভারত-চীন পথটি হিমালয়ের ১৪,৪২৫ ফুট উচুতে অবস্থিত। পথটিতে ভারতের সিকিম রাজ্যের সীমান্তের সঙ্গে চীনের তিব্বতের সীমান্ত মিলেছে। ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের সময় ভারতের সাথে চীনের এই বাণিজ্যপথটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৪৪ বছর পর ২০০৬ সালের ৮ জুলাই এই সীমান্তপথটি ভারত চীনের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে খুলে দেয়।

আলাদা বিবৃতিতে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভারতীয় সেনাবাহিনী তাদের কাজে বাধা দিয়েছে যা সীমান্তে শান্তি বজায় রাখার ক্ষেত্রে হুমকিস্বরুপ। তারা জানায়, ‘চীন সবসময়ই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশ্বাসী। তবে বৈধ অধিকার রক্ষায় সবসময় সচেষ্ট থাকবে তারা। চীন আশা করে ভারত বিয়সটিকে জটিল করবে না এবং সুসম্পর্ক বজায় রাখবে।’

চীন ও ভারতের সম্পর্ক বরাবরই শীতল ছিলো। সর্বশেষ পাকিস্তানের প্রতি চীনের সমর্থন ও বেল্ট এন্ড রোড সম্মেলনে ভারতের উপস্থিত না থাকায় তাদের সম্পর্কের আরও অবনতি ঘটে।