অ্যামনেস্টির অভিযোগ ভিত্তিহীন: সৌদি আরব

471

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি কারাগারে বন্দি মানবাধিকার কর্মীরা যৌন নিপীড়নসহ নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন বলে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো যে অভিযোগে এনেছে, তা প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার।

শুক্রবার সৌদি তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘সৌদি আরব সরকার তাদের ( মানবাধিকার গোষ্ঠী) আনা অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করছে। তারা ‘প্রমাণ’ বা ‘সূত্র’ হিসেবে যেসব অজ্ঞাতনামা ব্যক্তিদের উদ্ধৃতি দিয়েছে তা পুরোপুরি মিথ্যা।’

আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ গত মঙ্গলবার সৌদি সরকারের বিরুদ্ধে ওই অভিযোগ এনেছে। তারা বলছে, সৌদি কারাগারে গত মে মাসে আটক বেশ কয়েকজন মানবাধিকার কর্মীদের ওপর যৌন নিপীড়নসহ নানা ধরনের নির্যাতন চালানো হয়েছে। এমনকি ওই নির্যাতনের হাত থেকে রক্ষা পাননি কারাগারে আটক নারী মানবাধিকার কর্মীরাও।

এর আগে গত বছর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরোধিতাকারী হিসেবে পরিচিত বেশ কয়েকজন সৌদি প্রিন্স, আলেম, বুদ্ধিজীবী ও মানবাধিকার কর্মীদের আটক করা হয়। এরই ধারাবাহিকতায় গত মে মাসেও বেশ কয়েকজন বন্দি করে সৌদি সরকার।

গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সে দেশের ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি খুন হওয়ার পর সৌদি আরবের বিরুদ্ধে বন্দি নির্যাতনের অভিযোগ আনলো অ্যামনেস্টি ও হিউম্যান রাইটস ওয়াচ।

খাশোগির হত্যার ঘটনায় বিশ্ব জুড়ে সমালোচিত হচ্ছে সৌদি সরকার ও যুবরাজ সালমান। অনেকের ধারণা, যুবরাজের নির্দেশেই খুন করা হয়েছে খাশোগিকে। যুদিও এই অভিযোগ মেনে নেয়নি সৌদি আরব এবং তার ঘনিষ্ঠ বলে পরিচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: হিন্দুস্তান টাইমস