রাজধানীতে সিটি কর্পোরেশনের গাড়িচাপায় নারী নিহত

418

ঢাকা সংবাদদাতা: রাজধানীতে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িচাপায় নূরজাহান পূষণ (২২) নামে মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার স্বামী মো. আসিফ।

শুক্রবার রাত ১১টার দিকে পুরান ঢাকার বকশিবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূরজাহান পূষণ (২২) বংশাল মালিটোলা এলাকায় থাকতেন।

নিহত পূষণের স্বামী আসিফ জানান, রাতে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে বংশাল মালিটোলা এলাকায় বাসায় ফিরছিলেন।

পথে বকশিবাজার রোড ঢাকা মেডিকেলের নতুন ভবনসংলগ্ন প্রধান সড়কে দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুজনই ছিটকে রাস্তায় পড়ে যান।

এসময় ময়লার গাড়িটি স্ত্রীর মাথার ওপর দিয়ে চলে যায়। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক পূষণকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের এএসআই আবদুল খান জানান, পথচারীরা আহত স্বামী-স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসেন। রাত সাড়ে ১১টার দিকে সেখানে দায়িত্বরত চিকিৎসক পূষণকে মৃত ঘোষণা করেন। নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এএসআই।