ঢাকা সংবাদদাতা: বর্তমান সরকার ভয় পেয়ে ভুল করছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার সকাল ১০টায় জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, মানুষ ভয় পেয়ে ভুল করে, সরকারও তাই করছে। সুষ্ঠু নির্বাচন আমরা আদায় করে নেব। দাবি আদায় করতে হবে।
বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক হাওয়া বইতে শুরু করেছে দাবি করে জাতীয় ঐক্যফ্রন্টের এই উদ্যোক্তা বলেন, মওলানা ভাসানীর মাজারে কি কামাল হোসেন আগে এসেছিলেন? আজ এসেছেন। এ থেকে নতুন বাতাস শুধু হয়েছে।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা মুক্তিযুদ্ধে ত্যাগীদের সঠিক সম্মান করব। কর্ণেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও তাজ উদ্দিনদের মূল্য অস্বীকার করে স্বাধীনতা হয় না।
তিনি আরো বলেন, মওলানা ভাসানী ছিলেন নির্ভেজাল ও সৎ মানুষ। টাঙ্গাইলের মানুষের মধ্যে তাকে নিয়ে উৎসাহের কিছুটা ঘাটতি দেখা গেছে।















