আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা অব্যাহত রয়েছে এবং সরকারের ভাবভঙ্গি দেখে মনে হয়, তারা সেখানে পুরোপুরি গণতন্ত্র প্রতিষ্ঠায় আগ্রহী নয়।
বুধবার জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রধান মারজুকি দারুসম্যান এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
এর মাত্র একদিন আগে রোহিঙ্গাদের ওপর হত্যা ও ধর্ষণসহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মঙ্গলবার মিয়ানমার সেনাবাহিনীর শক্তিশালী পাঁচ সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর তারা এই পদক্ষেপ নিল।
সংবাদ সম্মেলনে মারজুকি দারুসম্যান বলেন, গত বছর সংখ্যালঘু ওই জনগোষ্ঠীর ওপর ব্যাপক নিপীড়ন চালানোর পরও বৌদ্ধ অধ্যুষিত দেশটিতে এখনও যে আড়াই থেকে চার লাখ রোহিঙ্গা অবস্থান করছে, তাদের ওপর‘অব্যাহত নির্যাতন’ চালাচ্ছে মিয়ানমার। তাদের গতিবিধির ওপর আরোপ করা হয়েছে কঠোর বিধি-নিষেধ। চালানো হচ্ছে দমন-পীড়ন।
সে দেশে অবস্থাকারী রোহিঙ্গাদের ওপর চালানো ওই নৃশংসতাকে ‘চলমান গণহত্যা’ বলে উল্লেখ করেছেন ওই জাতিসংঘ কর্মকর্তা। এই ‘মানবাধিকার বিপর্যয়’র ঘটনায় জাতিসংঘ পরিষদকে মিয়ানমারের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রধান মারজুকি দারুসম্যান।
তিনি বলেন, ‘একটি দেশের সার্বভৌমত্ব রক্ষার মানে এই নয়, তাদের যথেচ্ছা গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের সুযোগ করে দেয়া।’ রোহিঙ্গাদের ওপর তারা যে নির্যাতন চালাচ্ছে গোটা বিশ্ব তা দেখছে বলেও মন্তব্য করেন ওই কর্মকর্তা।
গত বছরের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক মানবতা বিরোধী অভিযান শুরু করে। তাদের হাত থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসেছে সংখ্যা ৭ লাখেরও বেশি রোহিঙ্গা। আগে থেকেই এখানে অবস্থান করছে আরো চার লাখ দেশত্যাগী মানুষ। সব মিলিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সংখ্যা ১০ লাখের ওপর।
তবে মিয়ানমারের এই সংখ্যালঘু জনগোষ্ঠীটি বরাবরই নানা বঞ্চনা আর নির্যাতনের শিকার। এমনকি রোহিঙ্গাদের নাগরিকের মর্যাদা দিতেও রাজি নয় মিয়ানমার সরকার। তবে গত বছর রোহিঙ্গাদের ওপর ব্যাপক মাত্রার নির্যাতন শুরু করে মিয়ানমার সেনারা। তারা রাখাইনে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। পাশপাশি হত্যা, গ্রেপ্তার, গণধর্ষণের মত অপরাধ করেছে।
মিয়ানমার সেনাদের এই নির্যাতনকে ‘গণহত্যা’হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ। এসব মানবাধিকার লঙ্ঘণের অপরাধে মিয়ানমারের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।
সূত্র: আল জাজিরা















