ব্রিটিশ ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের সামনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ

489

ওয়ানবাংলানিউজ: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত ফরমায়েশি রায় বাতিলের দাবীতে ২২ অক্টোবর সোমবার ব্রিটিশ ফরেন এন্ড কমনওয়েলথ অফিসের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপির নেতৃবৃন্দ, জোনাল কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীসহ ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দগণ বিভিন্ন পোস্টার, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অবৈধ সরকারের দূরভিসন্ধি ষড়যন্ত্রের প্রতিবাদ জানায়।

যুক্তরাজ্য বিএনপির সভাপতির এম এ মালিক অবিলম্বে বেগম খালাদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত ফরমায়েশি রায় বাতিলের দাবী জানিয়ে বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় স্বৈরাচারী সরকার ভীত হয়ে দিশেহারা হয়ে গেছে। বিএনপিকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে অবৈধ সরকার মামলা আর পুলিশের উপর নির্ভর হয়ে পড়েছে। আওয়ামীলীগ আজ রাজনৈতিকভাবে একটি দেউলিয়া দল । গনতন্ত্রকে কবর রচনা করাই হল আজকের আওয়ামীলীগের মূলনীতি ও দর্শন ।

সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, গনতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে আর দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়ে জাতীয়তাবাদী দলের কোটি কোটি নেতাকর্মীদেরকে দমিয়ে রাখা যাবে না। তিনি বলেন, দুর্নীতিবাজ আওয়ামী সরকারকে জনরোষ থেকে বাচতে হলে অভিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত ফরমায়েশি রায় বাতিল করতে হবে। তিনি বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে দেশে গনবিপ্লব শুরু হয়েছে।