ঢাকা সংবাদদাতা: সদ্য ঘোষিত জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে দৈনিক নিউ নেশনের সাবেক বিশেষ প্রতিনিধি রব মজুমদারের টেলিফোনে কথোপকথন ফাঁস হয়েছে। এক প্রশ্নের জবাবে মইনুল হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ধ্বংস করতেই গণফোরাম সভাপতিকে নতুন জোট ঐক্যফ্রন্টের নেতৃত্বে আনা হয়েছে। এই টেলিসংলাপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
রব মজুমদারের টেলিফোন আলাপে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টি সম্পর্কে অবমাননাকর বক্তব্য ও মামলা প্রসঙ্গে কথা বলেন। মইনুল হোসেন বলেন, আমি মাসুদা ভাট্টির কাছে ফোন করে দু:খ প্রকাশ করেছি। বলেছি, আপনি আমাকে প্রভোক করার চেষ্টা করছিলেন। আমি তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। তখন হয়ে গেছে আরকি..। ওপাশ থেকে রব মজুমদারও বলেন, আচ্ছা এভাবেই হয়ে গেছে বিষয়টা।
টেলিফোনে আলাপকালে তারেক রহমানের প্রসঙ্গ আসে। লন্ডনে তারেক রহমানের বৈঠকের বিষয়ে জিজ্ঞাসা করেন রব মজুমদার। তখন ব্যারিস্টার মইনুল বলেন, আমরা তারেক রহমানের সঙ্গে মিটিংয়ে যাবো কেন? তারেক রহমানের নেতৃত্ব ধ্বংস করতেই তো ড. কামাল হোসেনকে ঐক্যফ্রন্টের নেতৃত্বে আনা হয়েছে।
মইনুল হোসেন রব মজুমদারকে আলোচনার এক পর্যায়ে বলেন, মাসুদা ভাট্টি প্রসঙ্গে শতকরা ৯৫ ভাগ মানুষ তাকে (মইনুল) সমর্থন করেন।
ফাঁস হওয়া ১ মিনিট ১৯ সেকেন্ডের সেই ফোনালাপটি তুলে ধরা হলো—
মইনুল: কী খবর মজুমদার সাহেব?
মজুমদার: জ্বী, স্লামেকুম স্যার। কেমন আছেন স্যার আপনি?
মইনুল: আছি, জেলের ভাত কয়েকদিন খেতে হবে আমাকে। সেজন্য রেডি হইতেছি।
মজুমদার: আচ্ছা আচ্ছা…
মইনুল: আজকেতো বেইল (জামিন) নিয়া আসলাম, কেস করছে দুইটা। আরও একটা নাকি করছে। মামলা- কামলা দিয়ে এরা…মামলা-কামলার নামে হইলো রাজনীতি।
মজুমদার: (হাসি)
মইনুল: করুক দেখি…। একটা মেয়েলোক যে এতো বাজে হইতে পারে, আমিতো জানতাম না।
মজুমদার: (হাসতে হাসতে) … স্যার, আরেকটা নিউজ স্যার, এটা একটা রিউমার উঠছে যে, আপনি আর ড. কামাল সাহেব মিলে নাকি লন্ডন যাচ্ছেন, তারেকের সঙ্গে মিটিং করার জন্য?
মইনুল: (অস্পষ্ট স্বরে) অ্যাঁ বাদ দেন…
মজুমদার: (হাসি) হ্যাঁ স্যার?
মইনুল: তারেকের সঙ্গে আমরা মিটিং করতে যাবো! এটা কোথাকার ছাগল?… গোট না কাউ? ড. কামালসহ তারেকের কাছে যাবো…! আমরা তারেকের নেতৃত্ব ধ্বংস করার জন্য ড. কামালকে আনছি।…আচ্ছা দোয়া কইরেন। মজুমদার: (হাসতে হাসতে) জ্বী স্লামালেকুম স্যার। ভালো থাকবেন।














