‘বিএনপির সঙ্গে জোট করে বলছেন তারেকের সঙ্গে সম্পর্ক নেই’

526
হানিফ

ঢাকা সংবাদদাতা: ড. কামাল বিএনপির সাথে জোট করছেন আর বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সম্পর্ক নেই- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগরে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

সোমবার বি‌কেলে রাজধানীর বঙ্গবন্ধু এ‌ভি‌নিউ‌য়ে জাতীয় শ্র‌মিক লী‌গের ৪৯তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী‌ উপল‌ক্ষে মহানগর দ‌ক্ষিণ শ্রমিক লী‌গ আ‌য়ো‌জিত এক আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এমন মন্তব্য ক‌রেন তি‌নি।

মাহবুবউল আলম হা‌নিফ ব‌লেন, উনি (ড. কামাল) বলেছেন তারেক রহমানের সাথে তার সম্পর্ক নেই। কি মধুর কথা। যে বিএনপির চেয়ারম্যান এখন তারেক রহমান, সেই দলের (বিএনপি) সঙ্গে জোট করে বলছেন তার (তারেক রহমান) সঙ্গে আমার সম্পর্ক নেই। জনগণ কি বোকা? নিজেকে অনেক পণ্ডিত ভাবেন, জ্ঞানী ভাবেন। এই কারণে জনগণের কাছে আপনার কখনো আশ্রয় হয় নাই। জনগণ‌কে বার বার ধোকা দেয়ার জন্যই ড. কামা‌লের সা‌থে জনগ‌ণের সম্পর্ক নেই।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ড. কামাল হোসেন রাজনৈতিক জীবনে বেইমানী ও মোনাফেকি ছাড়া কিছুই নেই। তিনি কখনও জনগণের ভোটে নির্বাচিত হতে পারেনি। একজন জনবিচ্ছিন্ন নেতা। যে দলটির শীর্ষ নেত্রী দুর্নীতি দায়ে কারাগারে তিনি ( ড. কামাল হোসেন) ঐক্য করেছেন। তিনি সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্য করেছেন সন্ত্রাস ও দুর্নীতির প্লাটফর্ম বিএনপির সঙ্গে। তাদের লজ্জা হওয়া উচিত। আমি এই ঐক্যের ধিক্কার জানাই।

তিনি বলেন, ড. কামাল হোসেন ও মইনুল হোসেনদের মূল লক্ষ্য হচ্ছে বিএনপি থেকে খালেদা জিয়া ও তারেক জিয়াকে মাইনাস করা। বিএনপি’র নেতারা আজকে যে মামলায় বেগম জিয়ার মুক্তির দাবি করছে সেই মামলার মূল হোতা ছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি এই মামলাটি বেগম জিয়ার বিরুদ্ধে দায়ের করেছিলেন।

বিএনপি’র কোন রাজনৈতিক আদর্শ নেই মন্তব্য করে মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির মূল লক্ষ্য হচ্ছে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া। বিএনপি একটি সন্ত্রাসী দল। একুশে আগস্ট গ্রেনেড হামলার রায়ের এর মধ্যে দিয়ে এ দলটি সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃত হয়েছে। এমনকি কানাডার আদালতও বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছে।

তিনি আরও বলেন, ঐক্যের নামে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ফরমুলা তৈরি করছে। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। নির্বাচনের আগে ২১ আগষ্ট হামলাকারীদের সঙ্গে সংলাপে বসা হবে না। নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র করা হলে দেশের জনগণ প্রতিহত করবে।

আ‌য়োজক সংগঠ‌নের সভাপ‌তি মো. সামসুল আলম বকু‌লের সভাপ‌তি‌ত্বে সভায় প্রধান বক্তা হি‌সেব বক্তব্য রা‌খেন জাতীয় শ্র‌মিক লী‌গের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। এছাড়া বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন আওয়ামী লী‌গের শ্রম ও জনশ‌ক্তি বিষয়ক সম্পাদক মো. হা‌বিবুর রহমান সিরাজ, জাতীয় শ্র‌মিক লী‌গের সভাপ‌তি শুক্কুর মাহামুদ, কার্যকরী সভাপ‌তি ফজলুল হক মন্টু প্রমুখ।