‘বিএনপি নৈতিক অবস্থানে নেই, তাই ২০ দল ছেড়েছি’

820

ঢাকা সংবাদদাতা: বিএনপি তার সব নৈতিক অবস্থান থেকে বিচ্যুত হওয়ায় ২০ দলীয় জোট ছেড়েছেন বলে দাবি করেছেন ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি। এ ছাড়া তিনি বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংশ্লিষ্টদের আচরণ নিয়েও হতাশার কথা জানান।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেয় বাংলাদেশ ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। পরে ‘জাতীয় ঐক্যফ্রন্ট ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক সংবাদ সম্মেলনে জেবেল রহমান গানি এসব কথা বলেন।

জেবেল রহমান গানি জানান, ন্যাপ ও এনডিপি সাংবিধানিক এবং নিয়মতান্ত্রিক রাজনীতির স্বার্থে ২০ দলীয় জোটের শরিক হিসেবে সব সম্পর্ক ছিন্ন করেছে। তবে, সামনের দিনে কোনো দলের সঙ্গে ঐক্য করার সুযোগ থাকলে তাঁরা সেটা করবেন বলে জানান তিনি।

ন্যাপ চেয়ারম্যান বলেন, ‘আলাপ-আলোচনা আমাদের অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে, অনেক রাজনৈতিক দলের সাথে। আমরা নিজেরাও একটি রাজনৈতিক দল। আমরা অন্যান্য রাজনৈতিক দলের মতো, বাংলাদেশের বিষয়ে তাদের ভাবনা-চিন্তা, সেখানে যদি কোনো ঐক্য বা একমত হওয়ার সুযোগ থাকে, আমরা মনে করি আমরা সেখানে অবশ্যই একমত হওয়ার উদার মনোভাব নিয়েই সামনের দিনগুলোতে এগুব।’

গানি আরো বলেন, ‘এক এগারোর কুশীলবরা জাতীয় ঐক্যফ্রন্টের নামে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। আর বিএনপি তার সকল নৈতিক অবস্থান থেকে বিচ্যুত হয়েছে।’ এ সময় এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজাও সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে সংবাদ সম্মেলনে ঘোষণাপত্র পাঠ করেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি। তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সম্প্রাসারণ করে ১৮ দলীয় জোট যখন হয়, তখন থেকেই বাংলাদেশ ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এই জোটের অংশীদার। পরে এই জোটই ২০ দলীয় জোটে রূপান্তরিত হয়। ২০ দলীয় জোটের শরিক হিসেবে আমরা আমাদের সাধ্যমতো অবদান রাখায় সচেষ্ট ছিলাম। নিজেদের মধ্যে মতপার্থক্য ও মতবিরোধ থাকলেও জোটের সিদ্ধান্ত বাস্তবায়নে সব সময় ছিলাম আন্তরিক। এ দুটি দল ২০১২ সাল থেকে বিএনপি নেতৃত্বাধীন জোটে ছিল। বিএনপি জোটের প্রতি আনুগত্য দেখিয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করেন তাঁরা।

ন্যাপ ও এনডিপির নেতাদের অভিযোগ, জোটের জন্য বড় ত্যাগ স্বীকার করলেও তাদের সেভাবে মূল্যায়ন করা হয়নি।

জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর গুঞ্জন ছিল ২০ দল থেকে কয়েকটি দল বের হয়ে যেতে পারে। আজ সেই গুঞ্জন সত্যি হলো।