বিএনপি নেতারা এসি রুমে বসে হিন্দি সিরিয়াল দেখে: কাদের

536

ঢাকা সংবাদদাতা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, নেতারা এসি রুমে বসে ইন্ডিয়ার হিন্দি সিরিয়াল দেখে। বিএনপির আন্দোলনের মরা গাঙ্গে জোয়ার আসবে না।

মঙ্গলবার দুপুরে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জের মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় জনসভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি বলে ঈদের পর আন্দোলনের কর্মসূচি দিবে। একবার বলে রোজার ঈদের পর আবার বলে কোরবানের ঈদের পর। দেখতে দেখতে দশ বছরে ২০টি ঈদ গেল। আন্দোলন হলো না কোনো ঈদে। বেগম খালেদা জিয়া এত নেতা, এত মন্ত্রী বানিয়েছেন। বেগম খালেদা জিয়া কারাগারে রয়েছে, আন্দোলনের সময় এখন তারা কোথায়।

তিনি বলেন, আন্দোলনের জন্য ৫শ নেতাকর্মী একসাথে রাজপথে বের হতে পারে না। আন্দোলনে নেতা বাহির না হলে কর্মীরাও বের হয় না। নেতারা এসি রুমে বসে ইন্ডিয়ার হিন্দি সিরিয়াল দেখে। বিএনপির আন্দোলনের মরা গাঙ্গে জোয়ার আসবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা নারীদেরকে যে সম্মান দিয়েছে তার কোন তুলনা নেই। বেগম খালেদা জিয়ার সময় কোন সন্তান জম্ম গ্রহণ করলে মায়ের পরিচয় ছিল না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কোন সন্তান জম্ম গ্রহণ করলে পিতার নামের পাশাপাশি মায়ের নামও অন্তর্ভূক্ত করার প্রচলন চালু করেছে।

ওবায়দুল কাদের বলেন, আমার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। সকল এলাকায় রাস্তা, কালভার্ট ও ব্রীজ করা হয়েছে। সোনাপুর থেকে জোরারগঞ্জ পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ করা হয়েছে। সারাদেশে সড়ক, মহাসড়কের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। ঢাকা, চট্রগ্রাম ফোর লেন রাস্তা, ফ্লাই ওভার নির্মাণ করে যানজট নিরসন করা হয়েছে। আওয়ামী লীগের ১০ বছরে সারাদেশে গ্যাস, বিদ্যুৎ, রাস্তাঘাটসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। এ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে আর কোন সরকারের আমলে এত উন্নয়ন হয়নি।

তিনি বলেন। আগামীতে ক্ষমতায় আসলে আমার নির্বাচনী এলাকায় প্রধান সড়কগুলো ফোর লেন করা হবে। এ এলাকাকে নতুনভাবে মডেল করে সাজিয়ে তুলবো। কোম্পানীগঞ্জে শেখ রাসেল নামে একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এ এলাকায় ব্যারিস্টার মওদুদ আহমদ চোখে পড়ার মতন এমন কোন উন্নয়ন করেনি। কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ৭০জন কর্মজীবী নারীকে ৬০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।

জনসভায় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, জেলা পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ, জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, সহ-সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা প্রকৌশলীর অধিদপ্তরের ৭টি একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।